বড় জয় কেজরিওয়ালের! আবগারি মামলায় ধোপে টিকল না ইডি-সিবিআইয়ের অভিযোগ

দিল্লির বহুচর্চিত আবগারি মামলায় কার্যত মুখ পুড়ল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআইয়ের। শুক্রবার দিল্লির রাউস অ্যাভেনিউ আদালত প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এবং প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে এই মামলা থেকে সসম্মানে বেকসুর খালাস করার নির্দেশ দিয়েছে।
আদালতের পর্যবেক্ষণে জানানো হয়েছে, দিল্লির আবগারি নীতি প্রণয়নের ক্ষেত্রে কোনো অপরাধমূলক ষড়যন্ত্র বা দুর্নীতির অকাট্য প্রমাণ পেশ করতে ব্যর্থ হয়েছে তদন্তকারীরা। বিচারকের স্পষ্ট মন্তব্য, নীতিগত সিদ্ধান্তকে কেন্দ্র করে দুর্নীতির যে অভিযোগ আনা হয়েছিল, তার সপক্ষে উপযুক্ত কোনো তথ্য আদালতে উপস্থাপন করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, এই মামলাকে কেন্দ্র করেই দীর্ঘ সময় জেল খাটতে হয়েছে আম আদমি পার্টির দুই শীর্ষ নেতাকে। কেজরিওয়ালকে মুখ্যমন্ত্রী পদ পর্যন্ত ছাড়তে হয়েছিল। বিজেপির পক্ষ থেকেও এই ইস্যুটিকে হাতিয়ার করে আপ-এর বিরুদ্ধে দুর্নীতির প্রচার চালানো হয়, যার প্রভাব পড়েছিল দিল্লির বিধানসভা ভোটেও। তবে আদালতের এই রায়ের পর রাজনৈতিক মহলের ধারণা, দিল্লির রাজনীতিতে আম আদমি পার্টি নতুন করে অক্সিজেন পেল এবং কেন্দ্রীয় এজেন্সিগুলোর নিরপেক্ষতা নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠে গেল।