কাবুলের আকাশে পাক যুদ্ধবিমান এফ-১৬ ধ্বংসের দাবি আফগানিস্তানের

আফগানিস্তানের আকাশসীমায় ঢুকে বোমা বর্ষণের চেষ্টা চালাতেই পাকিস্তানের গর্বের এফ-১৬ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করল তালিবান প্রশাসন। শুক্রবার রাতে কাবুলে হামলা চালাতে আসা আমেরিকার তৈরি এই শক্তিশালী বিমানটিকে আফগান বাহিনী গোলার আঘাতে ধ্বংস করেছে বলে জানানো হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রক সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও শেয়ার করে এই বড়সড় দাবি করেছে।
পাকিস্তানের সামরিক শক্তির অন্যতম প্রধান স্তম্ভ হলো এই এফ-১৬ বিমান। অন্যদিকে, আফগানিস্তানের নিজস্ব কোনো শক্তিশালী বিমানবাহিনী নেই। এই অবস্থায় অত্যাধুনিক একটি যুদ্ধবিমানকে আফগান বাহিনী কীভাবে মাটিতে নামিয়ে আনল, তা নিয়ে আন্তর্জাতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। যদিও ইসলামাবাদ এখন পর্যন্ত এই বিষয়ে সরকারিভাবে কোনো মন্তব্য করেনি।
উল্লেখ্য, গত বছর ভারতের আকাশসীমা লঙ্ঘনের চেষ্টাকালে ভারতীয় বিমানবাহিনীর হাতেও পাকিস্তানের এফ-১৬ ও জে-এফ-১৭ বিমান ধ্বংস হওয়ার খবর সামনে এসেছিল।
বর্তমানে আফগান সীমান্তে দুই দেশের মধ্যে তুমুল লড়াই চলছে। পাকিস্তান এই সামরিক অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন গজব লিল হক’। শুক্রবার মধ্যরাত থেকে কাবুল ও কান্দাহারে পাকিস্তানি বিমান হামলায় ১৩৩ জন নিহত হয়েছে বলে দাবি করেছে ইসলামাবাদ। তবে হতাহতের সংখ্যা নিয়ে মুখে কুলুপ এঁটেছে কাবুল প্রশাসন। সীমান্তের এই ভয়াবহ পরিস্থিতির জেরে ঘরবাড়ি ছেড়ে পালাচ্ছেন সাধারণ মানুষ।