কালো কোটে বাবার পাশেই কিম জু, উত্তর কোরিয়ার পরবর্তী শাসক কি তবে উন-কন্যাই

কালো কোটে বাবার পাশেই কিম জু, উত্তর কোরিয়ার পরবর্তী শাসক কি তবে উন-কন্যাই

নিউজ ডেস্ক

পরনে একই রঙের ম্যাচিং কালো কোট। উত্তর কোরিয়ার শাসক কিম জং উনের ঠিক পাশেই দাঁড়িয়ে রয়েছেন তাঁর কন্যা কিম জু। সম্প্রতি শাসক দলের একটি গুরুত্বপূর্ণ সভায় এই ছবি প্রকাশ্যে আসতেই বিশ্বজুড়ে জল্পনা তুঙ্গে। তবে কি নিজের উত্তরসূরি হিসেবে মেয়েকেই বেছে নিচ্ছেন কিম?

বৃহস্পতিবার উত্তর কোরিয়ার সরকারি সংবাদমাধ্যমে প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে, একটি সামরিক মহড়া চলাকালীন বাবার সঙ্গেই রয়েছেন কিম জু। কখনও কিম ঝুঁকে পড়ে মেয়েকে কিছু বোঝাচ্ছেন, আবার কখনও বাবার ঠিক পিছনের সারিতেই আত্মবিশ্বাসের সঙ্গে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে তাঁকে।

উল্লেখ্য, ২০২২ সালে একটি ক্ষেপণাস্ত্র পরীক্ষার সময় প্রথমবার জনসমক্ষে আনা হয়েছিল কিম জু-কে। তারপর থেকে প্রায় প্রতিটি গুরুত্বপূর্ণ সরকারি ও সামরিক অনুষ্ঠানে বাবার পাশেই দেখা মিলছে তাঁর। কিম জং উনের শারীরিক অবস্থা নিয়ে মাঝেমধ্যেই নানা গুঞ্জন শোনা যায় আন্তর্জাতিক মহলে। সেই আবহে কিম জু-র এই ধারাবাহিক উপস্থিতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে উত্তরসূরি হওয়ার লড়াইটা কিম-কন্যার জন্য খুব একটা সহজ নয়। কারণ এই দৌড়ে জোরালোভাবে নাম উঠে আসছে কিমের বোন কিম ইয়ো জঙের। কূটনৈতিক সূত্রের খবর, কিমের বোনও ক্ষমতার মসনদে বসতে যথেষ্ট আগ্রহী। ফলে উত্তর কোরিয়ার অন্দরে কিমের উত্তরসূরি নির্বাচন নিয়ে এক প্রকার অলিখিত ‘গৃহযুদ্ধ’ শুরু হয়েছে বললেও ভুল হবে না। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত কিমের উত্তরাধিকারী হিসেবে কার মাথায় ওঠে রাজমুকুট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *