জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের পথে সূর্যবাহিনী

জিম্বাবোয়েকে হারিয়ে সেমিফাইনালের পথে সূর্যবাহিনী

চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে জিম্বাবোয়েকে ৭২ রানে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে প্রবলভাবে টিকে রইল ভারত। ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকার কাছে হেরে যাওয়ায় সুবিধাজনক অবস্থানে ছিল সূর্যকুমার যাদবের দল। টস জিতে প্রথমে ব্যাটিং করে ভারত ৪ উইকেটে ২৫৬ রান তোলে, যা চলতি বিশ্বকাপে সর্বোচ্চ স্কোর। ওপেনিংয়ে ফেরা সঞ্জু স্যামসন ও ফর্মে ফেরা অভিষেক শর্মার ঝোড়ো শুরু জয়ের ভিত গড়ে দেয়। অভিষেক ২৬ বলে অর্ধশতরান করেন।

ব্যাট হাতে তাণ্ডব চালান হার্দিক পাণ্ড্য ও তিলক বর্মাও। হার্দিক মাত্র ২৩ বলে ৫০ এবং তিলক ১৬ বলে ৪৪ রান করে অপরাজিত থাকেন। ভারতের বিশাল রানের পাহাড় তাড়া করতে নেমে জিম্বাবোয়ে লড়াই করলেও লক্ষ্যভ্রষ্ট হয়। ব্রায়ান বেনেট অপরাজিত ৯৭ রানের অনবদ্য ইনিংস খেললেও দলকে জেতাতে পারেননি। নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেটে ১৮৪ রানে থামে তাদের ইনিংস। অক্ষর প্যাটেল ও অর্শদীপ সিং বল হাতে গুরুত্বপূর্ণ সাফল্য পান।

এই জয়ের ফলে আগামী রবিবার কলকাতার ইডেন গার্ডেন্সে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ ম্যাচটি কার্যত কোয়ার্টার ফাইনালের রূপ নিল। সেই ম্যাচে যারা জিতবে, তারাই সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপের সেমিফাইনালে। ব্যাটিং বিভাগ ফর্মে ফিরলেও ডেথ ওভারে শিবম দুবের বোলিং এবং ফিল্ডিংয়ে কিছু ত্রুটি নিয়ে চিন্তায় থাকবে টিম ইন্ডিয়া। তবে ইডেনের হাই-ভোল্টেজ ম্যাচের আগে আত্মবিশ্বাসে টগবগ করছে মেন ইন ব্লু।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *