তৃণমূলে যোগ দিলেন সোনার মেয়ে স্বপ্না বর্মন: উত্তরবঙ্গে শক্তি বৃদ্ধি ঘাসফুল শিবিরের

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গে সংগঠন মজবুত করতে বড়সড় সাফল্য পেল তৃণমূল কংগ্রেস। শুক্রবার শিলিগুড়িতে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য ও মেয়র গৌতম দেবের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে শাসক দলে যোগ দিলেন এশিয়ান গেমসে সোনাজয়ী অ্যাথলিট স্বপ্না বর্মন। সম্প্রতি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর সাক্ষাতের পর থেকেই এই রাজনৈতিক দলবদল নিয়ে জল্পনা তুঙ্গে ছিল।
তৃণমূলে যোগ দিয়ে অর্জুন পুরস্কারজয়ী স্বপ্না জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক প্রকল্প এবং আদর্শে অনুপ্রাণিত হয়েই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। তাঁর মতে, মুখ্যমন্ত্রী বাংলাকে যে উচ্চতায় পৌঁছে দিয়েছেন, তা অন্য কোনো রাজ্যের পক্ষে করা আসাম্ভব। মানুষের সেবায় কাজ করার জন্য তৃণমূলকেই তিনি সঠিক প্ল্যাটফর্ম হিসেবে বেছে নিয়েছেন।
স্বপ্নার এই অন্তর্ভুক্তি উত্তরবঙ্গে তৃণমূলের অবস্থানকে আরও শক্তিশালী করল। উল্লেখ্য, কিছুদিন আগেই কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যোগ দিয়েছিলেন। একের পর এক বিশিষ্ট ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিদের উপস্থিতিতে উত্তরবঙ্গের রাজনৈতিক সমীকরণ শাসক দলের অনুকূলে যাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। বর্তমানে স্বপ্না উত্তর-পূর্ব সীমান্ত রেলের কর্মী হিসেবে কর্মরত।