টি-টোয়েন্টি বিশ্বকাপে ভরাডুবি: শ্রীলঙ্কা দলে বড় পরিবর্তনের ইঙ্গিত

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার ভরাডুবিতে বড় ধরনের রদবদলের পথে দেশটির ক্রিকেট বোর্ড। দলের ব্যর্থতার দায় নিয়ে কোচ সনথ জয়সূর্য আগেই সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে অধিনায়ক দাসুন শনাকা ও নির্বাচক কমিটির ওপর বড় কোপ পড়ার সম্ভাবনা জোরালো হয়েছে। সুপার এইট থেকে দলের বিদায় বোর্ড কর্তাদের মধ্যে তীব্র অসন্তোষ সৃষ্টি করেছে।
দলের ব্যাটিং ব্যর্থতা ও খেলোয়াড়দের চোটের কারণে বিশ্বকাপে বারবার ছন্দপতন ঘটেছে। নেতৃত্বের সিদ্ধান্ত ও দল নির্বাচন নিয়েও কর্তারা চরম অসন্তুষ্ট। বিশেষ করে অধিনায়ক শনাকার সাম্প্রতিক বিতর্কিত মন্তব্য পরিস্থিতি আরও জটিল করে তুলেছে, যা বোর্ডের কর্মকর্তাদের ক্ষোভ আরও বাড়িয়ে দিয়েছে।
টুর্নামেন্ট শেষ হওয়ার পর অধিনায়ক ও নির্বাচকদের পদত্যাগের পরামর্শ দেওয়া হবে। যদি তারা স্বেচ্ছায় সরে না দাঁড়ান, তবে কঠোর ব্যবস্থা নেবে বোর্ড। বিশ্বকাপের এই ব্যর্থতার পর শ্রীলঙ্কা ক্রিকেটে নতুন অধ্যায়ের সূচনা এখন কেবল সময়ের অপেক্ষা।