‘ভাঙা বালতি’ রহস্যে তোলপাড় হাওড়া! প্রমোটার শফিক খুনের নেপথ্যে কি তবে কোটি টাকার অনলাইন জালিয়াতি?

হাওড়ার প্রমোটার শফিক খান হত্যাকাণ্ডে এবার উঠে এল এক হাড়হিম করা অপরাধের জাল। তদন্তে নেমে গোয়েন্দারা জানতে পেরেছেন, এই খুনের নেপথ্যে রয়েছে কুখ্যাত ‘ভাঙা বালতি চক্র’। সস্তায় ব্র্যান্ডেড পোশাক দেওয়ার টোপ দিয়ে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেওয়াই ছিল এই চক্রের কাজ। আর এই জালিয়াতির টাকার ভাগাভাগি এবং ক্ষমতা দখলের লড়াই শেষ পর্যন্ত রক্তক্ষয়ী সংঘাতে রূপ নিল।
পুলিশি তদন্তে প্রকাশ পেয়েছে যে, অভিযুক্ত হারুন এবং মৃত শফিকের মধ্যে শত্রুতা দীর্ঘদিনের। সম্প্রতি এই অনলাইন প্রতারণা চক্রের দুই লক্ষ টাকা নিয়ে দুপক্ষের মধ্যে চরম উত্তেজনা তৈরি হয়। হারুনের এক অনুগামী টাকা খোয়ানোর পর শফিক সেই বিবাদে হস্তক্ষেপ করেন, যা হারুন মেনে নিতে পারেনি। গোয়েন্দাদের দাবি, খুনের ঠিক আগের দিনও পিলখানার গলিতে হারুনকে খুনের উদ্দেশ্যে খুঁজে বেড়াচ্ছিল শফিক। নিজের প্রাণ বাঁচাতে এবং শফিককে চিরতরে সরিয়ে দিতেই পাল্টা ছক কষে হারুন।
মঙ্গলবার রাতে এক রক্ষিতার বাড়িতে বসে খুনের চূড়ান্ত ব্লু-প্রিন্ট তৈরি করে হারুন ও তার পাঁচ সহযোগী। বুধবার ভোরে সরাসরি শফিকের বাড়ির সামনে গিয়ে চ্যালেঞ্জ জানায় তারা। শফিকের সঙ্গে সশস্ত্র সঙ্গী থাকলেও হারুন ও রোহিতের অতর্কিত গুলিবর্ষণের মুখে সে পালিয়ে যায়। পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলিতে ঝাঁঝরা হয়ে যান শফিক। বর্তমানে এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের মূল অভিযুক্তদের ধরতে ভিন রাজ্যে পাড়ি দিয়েছে হাওড়া সিটি পুলিশের বিশেষ দল।