ক্রিকেট আম্পায়ার হত্যা মামলা: ২২ বছর পর ৭ অভিযুক্তের কারাদণ্ড

হুগলির বলাগড়ের নিত্যানন্দপুরে ২০০৪ সালে ক্রিকেট ম্যাচ চলাকালীন আম্পায়ারের ভুল সিদ্ধান্তকে কেন্দ্র করে শুরু হওয়া বিবাদের জেরে দিবাকর মণ্ডল নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় সাজা ঘোষণা করল চুঁচুড়া আদালত। দীর্ঘ ২২ বছরের আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার বিচারক দেবাশিষ সাঁতরা সাতজন অভিযুক্তকে দোষী সাব্যস্ত করেন।
আদালতের রায় অনুযায়ী, ছয়জন অপরাধীকে সাত বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে। জরিমানা অনাদায়ে তাদের আরও দুই মাস জেল খাটতে হবে। এ ছাড়া, অন্য এক অভিযুক্তকে দুই বছরের কারাদণ্ড ও দুই হাজার টাকা জরিমানা করেছে আদালত। সরকারি আইনজীবী সুব্রত ভট্টাচার্য জানিয়েছেন, মোট ১৯ জন সাক্ষীর বয়ানের ভিত্তিতে এই সাজা ঘোষণা করা হয়েছে।
ঘটনার বিবরণে জানা যায়, ২০০৪ সালের ২৬ মে আম্পায়ারিংয়ের সিদ্ধান্ত নিয়ে বচসার জেরে ২৯ মে দিবাকরকে রড ও বাঁশ দিয়ে বেধড়ক মারধর করা হয়। কলকাতা মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। মামলার দীর্ঘসূত্রতা কাটিয়ে অবশেষে ন্যায়বিচার মেলায় সন্তোষ প্রকাশ করেছেন নিহতের পরিবার ও সংশ্লিষ্ট আইনজীবীরা। চলতি বছরে এটি চুঁচুড়া আদালতের দশম মামলার রায়।