ইতিহাস গড়ে বায়ুসেনার ‘প্রচণ্ড’ কপ্টারে সওয়ার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু

ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বায়ুসেনার লাইট কমব্যাট হেলিকপ্টার ‘প্রচণ্ড’-এ সওয়ার হয়ে এক অনন্য নজির স্থাপন করলেন। শুক্রবার রাজস্থানের জয়সলমের বায়ুসেনাঘাঁটি থেকে তিনি সহকারী পাইলটের আসনে বসে ২৫ মিনিটের এই ঐতিহাসিক উড়ানে অংশ নেন। পোখরানের ফিল্ড ফায়ারিং রেঞ্জে আয়োজিত ‘বায়ু শক্তি ২০২৬’ প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি।
কপ্টারে ওঠার আগে ‘প্রচণ্ড’কে দেশের আত্মনির্ভরতার প্রতীক হিসেবে উল্লেখ করে রাষ্ট্রপতি ভারতীয় জওয়ানদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। উড়ানের সময় তিনি জয়সলমের ও সংলগ্ন এলাকার আকাশপথ পর্যবেক্ষণ করেন।
এর আগে ২০২৩ সালে সুখোই-৩০ এমকেআই এবং ২০২৫ সালে রাফাল যুদ্ধবিমানে সওয়ার হয়েছিলেন রাষ্ট্রপতি। তিনিই দেশের প্রথম মহিলা রাষ্ট্রপতি, যিনি একের পর এক শক্তিশালী সামরিক বিমানে চড়ে ভারতীয় বায়ুসেনার সক্ষমতাকে প্রত্যক্ষভাবে উৎসাহিত করেছেন।