শর্তসাপেক্ষে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’য় অনুমতি কলকাতা হাইকোর্টের

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কর্মসূচিতে শর্তসাপেক্ষে অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শুভ্রা ঘোষের নির্দেশ অনুযায়ী, যাত্রায় একসাথে ১,০০০ জনের বেশি মানুষের জমায়েত নিষিদ্ধ। ১ থেকে ৬ মার্চের মধ্যে নির্ধারিত সময়সীমার মধ্যেই অনুষ্ঠান সম্পন্ন করতে হবে। এছাড়া শব্দবিধি ও পরিবেশ পরিচ্ছন্নতা সংক্রান্ত নিয়ম কঠোরভাবে মানতে হবে।
আইনশৃঙ্খলা বজায় রাখতে কোনো কুরুচিকর বা উত্তেজনামূলক মন্তব্য করা যাবে না। ট্র্যাফিক ব্যবস্থাপনা স্বাভাবিক রাখতে প্রশাসনের সাথে সমন্বয় বজায় রাখতে হবে এবং অন্তত ২০ জন স্বেচ্ছাসেবকের তথ্য পুলিশকে জানাতে হবে। কর্মসূচিতে কোনো সরকারি বা ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতি হলে তার দায়ভার সংশ্লিষ্ট রাজনৈতিক দলকেই নিতে হবে।
বিজেপি জানিয়েছে, মোট নয়টি যাত্রার মাধ্যমে প্রতিটি বিধানসভা কেন্দ্রে প্রচার চালানো হবে। প্রায় ৬০টি বড় ও ৩০০টি ছোট জনসভার লক্ষ্যমাত্রা স্থির করা হয়েছে। মার্চের মাঝামাঝি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মাধ্যমে এই কর্মসূচির সমাপ্তি ঘটবে। রাজ্যের আপত্তি সত্ত্বেও আদালতের এই রায়ে কিছুটা স্বস্তি পেয়েছে গেরুয়া শিবির।