অভাবের তাড়নায় বিষপান: মুর্শিদাবাদে প্রাণ হারালেন মা ও মূক-বধির পুত্র

মুর্শিদাবাদের কান্দি থানার মাধুনিয়া গ্রামে বিষপানে মা ও ছেলের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন দোলন রায় (৫১) এবং তাঁর মূক-বধির পুত্র অভিজিৎ (২৬)। অভাবের সংসারে ধুঁকতে থাকা মা-ছেলে দীর্ঘ দিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন বলে জানা গেছে। দারিদ্র্যের কশাঘাতই এই পরিণতির কারণ বলে প্রাথমিক ধারণা স্থানীয়দের।
শুক্রবার দুপুরে বাড়িতেই ছেলেকে বিষ খাইয়ে মা নিজেও বিষপান করেন। প্রতিবেশীরা তাঁদের উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকেরা অভিজিৎকে মৃত ঘোষণা করেন। আশঙ্কাজনক অবস্থায় দোলনকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়ার পথেই তিনিও শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ময়নাতদন্তের জন্য দেহ দুটি পাঠিয়েছে। পরিবারে আর কেউ না থাকায় গ্রামবাসীরাই শেষকৃত্যের দায়িত্ব নিয়েছেন। মৃত্যুর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না, পুলিশ তা খতিয়ে দেখছে।