বকেয়া না মেটালে আইএসএল থেকে নির্বাসনের হুঁশিয়ারি এআইএফএফ-এর

আর্থিক শৃঙ্খলায় কঠোর অবস্থান নিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ)। চলতি মরশুমে আইএসএল ক্লাবগুলিকে কোনো অতিরিক্ত অর্থ সাহায্য না করার সিদ্ধান্ত নিয়েছে ফেডারেশন। উল্টে, বকেয়া অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তিতে পরিশোধের জন্য ক্লাবগুলিকে কড়া নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এক চিঠিতে এআইএফএফ স্পষ্ট জানিয়েছে, আর্থিক নিয়মে কোনো শিথিলতা বরদাস্ত করা হবে না।
ক্লাবগুলিকে মোট চারটি কিস্তিতে বকেয়া জমা দিতে হবে। প্রথম কিস্তি ৫ মার্চ এবং দ্বিতীয় কিস্তি ৪ এপ্রিলের মধ্যে (উভয় ক্ষেত্রে ৩০ লক্ষ টাকা করে) পরিশোধ করতে হবে। তৃতীয় কিস্তি ১ মে-র মধ্যে (২০ লক্ষ টাকা) এবং চূড়ান্ত বকেয়ার বাকি অংশ দ্রুত মেটানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সময়মতো অর্থ প্রদানে ব্যর্থ হলে প্রতিদিন ১ লক্ষ টাকা জরিমানা গুনতে হবে ক্লাবগুলিকে। সাত দিনের বেশি দেরি হলে সংশ্লিষ্ট ক্লাবকে ‘লেটার অফ ডিসকোয়ালিফিকেশন’ পাঠানো হবে। এরপরও বকেয়া না মেটালে আগামী মরশুমে অংশগ্রহণের অধিকার হারাতে পারে ক্লাবগুলি। ফেডারেশনের এই কঠোর সিদ্ধান্ত চূড়ান্ত ও বাধ্যতামূলক বলে জানানো হয়েছে।