ট্রাফিক ফাইন জমা দিতে গিয়ে হতে পারে সর্বনাশ! ই-চালানের নামে খালি হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট

অসাবধানতাবশত একটি মাত্র ক্লিকেই উধাও হয়ে যেতে পারে আপনার কষ্টার্জিত সমস্ত টাকা। দেশজুড়ে এখন সক্রিয় হয়েছে সাইবার জালিয়াতদের এক নতুন চক্র, যারা ট্রাফিক ই-চালানের নাম করে সাধারণ মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে থাকা ইন্ডিয়ান সাইবার ক্রাইম কোঅর্ডিনেশন সেন্টার (I4C) এই মারাত্মক জালিয়াতি নিয়ে দেশবাসীকে বিশেষ সতর্কবার্তা দিয়েছে। ডিজিটাল ইন্ডিয়ার যুগে যখন সবকিছুই অনলাইন, ঠিক সেই সুযোগকেই হাতিয়ার করছে এই অপরাধীরা।
কীভাবে জালে ফেলছে জালিয়াতরা?
শহর থেকে গ্রাম, সর্বত্রই এখন ডিজিটাল ট্রাফিক সিগন্যাল ও ক্যামেরা বসানো হয়েছে। আইন ভাঙলে মোবাইলে এসএসএম-এর মাধ্যমে ই-চালান পাঠানো হয়। এই ব্যবস্থার সুযোগ নিয়ে হুবহু আসল চালানের মতো দেখতে ভুয়া মেসেজ পাঠাচ্ছে ঠগবাজরা। মেসেজে দাবি করা হচ্ছে যে, আপনার গাড়ির নামে ট্রাফিক ফাইন হয়েছে এবং দ্রুত টাকা জমা না দিলে বড় আইনি বিপাকে পড়তে হবে। ভয় দেখাতে মেসেজের সঙ্গেই দেওয়া থাকছে একটি পেমেন্ট লিঙ্ক।
ফাঁদ পাতা হয় যেভাবে
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই লিঙ্কে ক্লিক করলেই একটি ওয়েবসাইট খুলে যায় যা দেখতে হুবহু সরকারি ‘এম-পরিবহন’ পোর্টালের মতো। সেখানে গাড়ির নম্বর, ওটিপি এবং ব্যাংক ডিটেইলস চাওয়া হয়। সাধারণ মানুষ এটিকে আসল ভেবে নিজের ডেবিট বা ক্রেডিট কার্ডের তথ্য ইনপুট করলেই সেই সমস্ত ডেটা চলে যায় হ্যাকারদের হাতে। মুহূর্তের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে এই চক্রটি।
সতর্ক থাকতে যা করবেন
কেন্দ্রীয় নোডাল এজেন্সি I4C স্পষ্টভাবে জানিয়েছে যে, কোনো অপরিচিত নম্বর থেকে আসা এসএমএস বা লিঙ্কে বিশ্বাস করবেন না। আসল ই-চালান যাচাই করার জন্য সর্বদা সরকারি ‘পরিবহন’ পোর্টাল বা সংশ্লিষ্ট রাজ্যের ট্রাফিক পুলিশের অফিসিয়াল ওয়েবসাইট ব্যবহার করুন। পেমেন্ট করার আগে ওয়েবসাইটের ইউআরএল (URL) ভালো করে পরীক্ষা করে নেওয়া জরুরি।
‘উইঙ্গো’ অ্যাপ নেটওয়ার্কের বিরুদ্ধে বড় পদক্ষেপ
সাইবার অপরাধ দমনে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ শুরু করেছে। সম্প্রতি ‘উইঙ্গো’ (Wingo) নামক একটি বড় অ্যাপ নেটওয়ার্ককে ব্লক করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। এই প্ল্যাটফর্মটি ব্যবহার করে লক্ষ লক্ষ ভুয়া এসএমএস ছড়িয়ে দেওয়া হচ্ছিল। এই অভিযানে প্রায় ১.৫৩ লক্ষ সাবস্ক্রাইবার সমৃদ্ধ চারটি টেলিগ্রাম চ্যানেল এবং ৫৩টিরও বেশি ইউটিউব ভিডিও বন্ধ করে দেওয়া হয়েছে। অ্যান্ড্রয়েড ইউজারদের নিশানা করে এই অ্যাপটি ম্যালওয়্যার ছড়াত।
ডিজিটাল দুনিয়ায় নিজেকে সুরক্ষিত রাখতে অপরিচিত সোর্স থেকে কোনো অ্যাপ ডাউনলোড করবেন না এবং সন্দেহজনক লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকুন। মনে রাখবেন, সরকারি দপ্তর কখনো তড়িঘড়ি টাকা জমা দেওয়ার জন্য ব্যক্তিগতভাবে চাপ দেয় না।