ভূমিকম্পের জেরে দেরিতে নামল সূর্যদের বিমান, কলকাতায় পৌঁছে গেল ভারত ও ওয়েস্ট ইন্ডিজ দল

সুপার এইটের গুরুত্বপূর্ণ ম্যাচে অংশ নিতে শুক্রবার কলকাতায় পৌঁছালেন ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটাররা। চেন্নাই থেকে আসা ভারত অধিনায়ক সূর্যকুমার যাদবদের বিমানটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা দেরিতে অবতরণ করে। শুক্রবার দুপুর ১টা ২২ মিনিটে কলকাতায় ৫.৫ তীব্রতার ভূমিকম্প অনুভূত হওয়ায় নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দরের রানওয়ে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল।
বিমানে বিলম্বের কারণে ভারতীয় কোচ গৌতম গম্ভীরের কালীঘাট মন্দিরে যাওয়ার পূর্বনির্ধারিত সূচিতেও পরিবর্তন আনা হয়েছে। অন্যদিকে, আমেদাবাদ থেকে আসা ওয়েস্ট ইন্ডিজ দলটি অবশ্য সঠিক সময়েই শহরে পৌঁছেছে। বর্তমানে দুই দলের ক্রিকেটাররাই বাইপাস সংলগ্ন নির্ধারিত হোটেলে বিশ্রাম নিচ্ছেন।
রবিবার ইডেন গার্ডেন্সে মুখোমুখি হবে এই দুই দল। দক্ষিণ আফ্রিকার পাশাপাশি এই গ্রুপ থেকে সেমিফাইনালের দ্বিতীয় দল হিসেবে কারা জায়গা করে নেবে, তা নির্ধারণ করবে এই হাইভোল্টেজ ম্যাচ। শনিবার থেকেই ইডেনে জোরকদমে অনুশীলন শুরু করবেন দুই দেশের খেলোয়াড়রা।