চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ: অশান্তি এড়াতে সতর্ক নবান্ন, রাজ্যে এল কেন্দ্রীয় বাহিনী

আগামী ২৮ ফেব্রুয়ারি শনিবার পশ্চিমবঙ্গে এসআইআর (SIR) প্রক্রিয়ার আওতায় চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। এই উপলক্ষ্যে যেকোনো ধরণের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজ্য সরকার নবান্ন থেকে প্রতিটি জেলার জেলাশাসক (DM) এবং পুলিশ সুপারদের (SP) সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। উত্তরবঙ্গসহ মুর্শিদাবাদ, নদিয়া এবং উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার মতো সংবেদনশীল এলাকাগুলিতে বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।
ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজ্য পুলিশের সব ব্যাটেলিয়ানকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে, নির্বাচন কমিশনের নির্দেশে বিধানসভা নির্বাচনের প্রাক্কালে রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন প্রক্রিয়া শুরু হয়েছে। শুক্রবার বিকেলে নদিয়ার তাহেরপুরে কেন্দ্রীয় বাহিনীর প্রথম কো ম্পা নি এসে পৌঁছেছে।
নির্বাচন কমিশন সূত্রে খবর, রাজ্যে মোট ৭.০৮ কোটি ভোটারের চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে। জেলাশাসক ও বিডিও অফিসসহ বিভিন্ন বুথ স্তরে এই তালিকা দেখা যাবে, পাশাপাশি অনলাইনেও মিলবে তথ্যের সুবিধা। আগামী ১০ মার্চের মধ্যে রাজ্যে মোট ৪৮০ কো ম্পা নি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে বলে প্রশাসনিক সূত্রে জানানো হয়েছে। শনিবার সকাল থেকেই জেলায় জেলায় পুলিশি টহলদারি ও নজরদারি আরও জোরদার করা হচ্ছে।