রাজ্যসভায় তৃণমূলের চার বড় চমক, রাজীব কুমার থেকে কোয়েল মল্লিক যাচ্ছেন দিল্লি

আসন্ন রাজ্যসভা নির্বাচনের প্রার্থী তালিকায় একগুচ্ছ চমক দিয়ে রাজনৈতিক মহলে শোরগোল ফেলে দিল তৃণমূল কংগ্রেস। শুক্রবার ২৭ ফেব্রুয়ারি দলের অফিশিয়াল হ্যান্ডেলে চার প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। তালিকায় রয়েছেন রাজ্যের প্রাক্তন ডিজিপি রাজীব কুমার, জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিক, গায়ক তথা বিধায়ক বাবুল সুপ্রিয় এবং বিশিষ্ট আইনজীবী মেনকা গুরুস্বামী।
সবচেয়ে বড় চমক হিসেবে দেখা হচ্ছে প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমারের মনোনয়নকে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত আস্থাভাজন এই অফিসারের জন্য অতীতে খোদ মুখ্যমন্ত্রীকে ধরনায় বসতে দেখা গিয়েছিল। এবার সরাসরি সংসদীয় রাজনীতিতে তাঁর অভিষেক হতে চলেছে।
অন্যদিকে, গায়ক বাবুল সুপ্রিয়কে রাজ্যসভায় পাঠিয়ে তাঁর বিধানসভা নির্বাচনে লড়ার জল্পনায় ইতি টানল দল। পাশাপাশি টলিউডের সুপারস্টার কোয়েল মল্লিককে প্রার্থী করে বড়সড় মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, টলিউডের অন্দরে শাসক শিবিরের ভাবমূর্তি উজ্জ্বল করতেই এই সিদ্ধান্ত।
তালিকায় চতুর্থ নাম আইনজীবী মেনকা গুরুস্বামী। ইডি সংক্রান্ত একাধিক মামলায় গুরুত্বপূর্ণ ভূমিকা নেওয়া এই দুঁদে আইনজীবীকে রাজ্যসভায় পাঠানো তৃণমূলের একটি বড় কৌশলগত চাল বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। এই ঘোষণার মধ্য দিয়ে রাজ্যসভা নির্বাচন নিয়ে সব জল্পনার অবসান ঘটাল ঘাসফুল শিবির।