সীমান্ত নিরাপত্তা: বিএসএফ-কে ১০৫ একর জমি দেওয়ার সিদ্ধান্ত রাজ্যের

সীমান্ত নিরাপত্তা সুনিশ্চিত করতে বিএসএফ-কে প্রায় ১০৫ একর জমি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই জমিতে কাঁটাতারের বেড়া ও নয়টি নতুন বর্ডার আউটপোস্ট তৈরির পরিকল্পনা রয়েছে। বিষয়টি নিয়ে নবান্নে রাজ্যের বিশেষ মন্ত্রিগোষ্ঠী বৈঠক করেছে।
প্রশাসন সূত্রে জানা গেছে, ১৭ কিলোমিটার জুড়ে কাঁটাতারের জন্য ৬৭ একর এবং আউটপোস্টের জন্য ১৮ একর জমি চিহ্নিত হয়েছে। এই জমিগুলো ব্যক্তিগত মালিকানাধীন হওয়ায় তা কিনে বিএসএফ-কে হস্তান্তর করা হবে। এছাড়া, রাজ্যের মালিকানাধীন ২০-২৫ একর জমি হস্তান্তরের প্রস্তাবও রয়েছে।
মুখ্যমন্ত্রীর দপ্তরের অনুমোদনের পর চূড়ান্ত সিদ্ধান্তের জন্য প্রস্তাবটি রাজ্য মন্ত্রিসভায় পেশ করা হবে। মন্ত্রিসভার সবুজ সংকেত মিললে জেলা প্রশাসনের মাধ্যমে জমি অধিগ্রহণ প্রক্রিয়া শুরু হবে। নির্বাচনের আগে সীমান্ত সুরক্ষায় রাজ্যের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।