পাঁচ কেজি ওজনের নবজাতকের জন্ম দিয়ে রেকর্ড গড়লেন আসামের জয়া
March 1, 202610:38 am

আসামের কাছাড় জেলার সতীন্দ্র মোহন দেব সিভিল হাসপাতালে জয়া দাস নামে এক মহিলা ৫.২ কেজি ওজনের এক পুত্রসন্তানের জন্ম দিয়েছেন। সাধারণত নবজাতকের ওজন আড়াই থেকে তিন কেজির মধ্যে হলেও, এই শিশুর অস্বাভাবিক ওজন দেখে খোদ চিকিৎসকরাও বিস্মিত। মঙ্গলবার এক জরুরি অস্ত্রোপচারের মাধ্যমে এই বিরল ঘটনাটি ঘটে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়ের বেশ পরে প্রসব বেদনা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন জয়া। এটি তাঁর দ্বিতীয় সন্তান। চিকিৎসকদের মতে, এই অঞ্চলে এত বেশি ওজনের শিশু জন্মের ঘটনা অত্যন্ত ব্যতিক্রমী। বর্তমানে মা ও নবজাতক উভয়ই সুস্থ আছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।