বিশ্ববাজারে তেলের দাম ৮২ ডলার পার হলেও ভারতে কেন বাড়বে না পেট্রোল ডিজেলের দাম

বিশ্ববাজারে তেলের দাম ৮২ ডলার পার হলেও ভারতে কেন বাড়বে না পেট্রোল ডিজেলের দাম

রাশিয়া-ইউক্রেন সংঘাতের মাঝেই আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে বাড়তে থাকা উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Brent Crude) দাম ব্যারেল প্রতি ৮২ ডলার ছাড়িয়ে গিয়েছে। সাধারণত বিশ্ববাজারে তেলের দাম বাড়লে ভারতের পাম্পগুলোতেও তার প্রভাব পড়ে, কিন্তু এবার পরিস্থিতি ভিন্ন। সাধারণ মানুষকে স্বস্তি দিতে ভারত সরকার এক মাস্টারপ্ল্যান বা ‘চক্রব্যূহ’ তৈরি করে রেখেছে।

ভারতের হাতে রয়েছে ১০০ মিলিয়ন ব্যারেলের রক্ষাকবচ

ভারতের প্রয়োজনীয় তেলের প্রায় অর্ধেক আসে হরমুজ প্রণালী (Strait of Hormuz) দিয়ে। যুদ্ধের কারণে এই পথ বন্ধ হওয়ার আশঙ্কা থাকলেও ভারতের দুশ্চিন্তার কারণ নেই। ‘কেপলার’-এর রিপোর্ট অনুযায়ী, ভারতের কাছে বর্তমানে প্রায় ১০০ মিলিয়ন ব্যারেল বাণিজ্যিক তেলের মজুদ রয়েছে। জরুরি অবস্থায় এই বিশাল স্টক ব্যবহার করে তেলের দাম নিয়ন্ত্রণে রাখা হবে।

৪৫ দিনের ব্যাকআপ ও সরকারের রণকৌশল

কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী জানিয়েছেন, বিশাখাপত্তনম, ম্যাঙ্গালোর এবং পাদুরে ভারতের বিশাল ভূগর্ভস্থ তেল ভাণ্ডার রয়েছে। এই ‘স্ট্র্যাটেজিক পেট্রোলিয়াম রিজার্ভ’ (SPR) যে কোনো ভূ-রাজনৈতিক সংকটের সময় দেশের জ্বালানি চাহিদা টানা ৪৫ দিন মেটাতে সক্ষম। এর সাথে বাণিজ্যিক স্টক যোগ করলে ভারত টানা ৭৪ দিন কোনো বৈদেশিক সরবরাহ ছাড়াই চলতে পারবে।

রাশিয়ার সাহায্য ও শুল্ক হ্রাসের সম্ভাবনা

বিশেষজ্ঞদের মতে, এই সংকটে রাশিয়া আবারও ভারতের বড় মুশকিল আসান হয়ে উঠতে পারে। রাশিয়ার তেলের রুট হরমুজ প্রণালীর ওপর নির্ভরশীল নয়, তাই সেখান থেকে নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করাই এখন সরকারের লক্ষ্য। এছাড়া পরিস্থিতি খুব জটিল হলে সরকার উৎপাদন শুল্ক (Excise Duty) কমিয়েও সাধারণ মানুষের পকেটে চাপ কমাতে প্রস্তুত।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *