মমতার জন্য গোটা ভারতবর্ষ আজ মহাবিপদে, কেন এমন বিস্ফোরক দাবি করলেন নীতিন নবীন

পশ্চিমবঙ্গের অনুপ্রবেশ সমস্যা এখন আর কেবল একটি রাজ্যের গণ্ডিতে সীমাবদ্ধ নেই বরং তা সমগ্র ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তাকে চরম ঝুঁকির মুখে ফেলে দিয়েছে। শিলিগুড়িতে আয়োজিত ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চ থেকে এভাবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা নীতিন নবীন। সোমবার উত্তরবঙ্গ সফরের দ্বিতীয় দিনে সুকনার একটি হোটেলে দলীয় বিধায়ক ও প্রতিনিধিদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠকের পর তিনি অনুপ্রবেশ ইস্যুতে রাজ্য সরকারকে কার্যত তুলোধোনা করেন।
নীতিন নবীনের অভিযোগ পশ্চিমবঙ্গ সরকার অত্যন্ত সুপরিকল্পিতভাবে বাংলাদেশ থেকে লোক এনে এখানে জনবসতি গড়ে তুলছে। তিনি কড়া ভাষায় প্রশ্ন তোলেন এই অনুপ্রবেশকারীদের আশ্রয় এবং কাজ কারা দিচ্ছে? নবীনের সাফ কথা ভারতের হিন্দু বা মুসলমান সবার অধিকার সুরক্ষিত থাকবে কিন্তু কোনোভাবেই বিদেশিদের এ দেশের নাগরিকদের অধিকার কেড়ে নিতে দেওয়া হবে না। তিনি সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জানতে চান সীমান্ত সুরক্ষার কাজে কেন প্রয়োজনীয় জমি দিচ্ছে না রাজ্য সরকার? তার মতে আগামী নির্বাচন কেবল বাংলার ক্ষমতা দখলের লড়াই নয় বরং দেশের অখণ্ডতা রক্ষার লড়াই।
বৈঠকে উত্তরবঙ্গের একাধিক জ্বলন্ত সমস্যা নিয়েও দীর্ঘ আলোচনা হয়। সূত্রের খবর গোর্খাল্যান্ডের দাবি এবং ১১টি জনজাতিকে তফশিলি উপজাতির মর্যাদা দেওয়ার বিষয়টি বৈঠকে ফের জোরালোভাবে উঠে আসে। দার্জিলিংয়ের বিধায়ক নীরজ জিম্বা এবং সাংসদ রাজু বিস্তা ওই অঞ্চলের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নীতিন নবীনের সামনে সবিস্তারে তুলে ধরেন। বিশেষ করে ১৭০ বছরের গৌরবোজ্জ্বল দার্জিলিং চা শিল্পের বর্তমান দুরবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন নবীন। তিনি অভিযোগ করেন বর্তমান সরকার এই ঐতিহ্যবাহী শিল্পকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। পাহাড় ও ডুয়ার্সের মানুষের দীর্ঘদিনের সমস্যা সমাধানে কেন্দ্রীয় সরকার সম্পূর্ণ দায়বদ্ধ বলেও এদিন তিনি আশ্বাস দেন।