তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে শুভেন্দুর তোপ, ‘অবসরে পাঠানো হলো বক্সীদাকে’

আসন্ন রাজ্যসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘিরে রাজনৈতিক মহলে তীব্র বিতর্ক শুরু হয়েছে। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অভিযোগ করেছেন, দলের প্রবীণ নেতা সুব্রত বক্সীকে পরিকল্পিতভাবে ‘অবসরে’ পাঠিয়ে নতুন মুখদের জায়গা করে দেওয়া হয়েছে। তাঁর দাবি, রাজীব কুমার, কোয়েল মল্লিক ও মেনকা গুরুস্বামীর মতো ব্যক্তিত্বদের প্রার্থী করা আসলে বিশেষ ‘পুরস্কার’ বা ‘কৃতজ্ঞতা’ প্রকাশের নামান্তর।
শুভেন্দু অধিকারী জানান, সুব্রত বক্সী তৃণমূলের অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য এবং দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিক হওয়া সত্ত্বেও তাঁকে মনোনয়ন দেওয়া হয়নি। তাঁর মতে, সারদা ও আরজি কর মামলার মতো স্পর্শকাতর বিষয়ে বিশেষ ভূমিকা পালনের প্রতিদান হিসেবেই রাজীব কুমার ও মেনকা গুরুস্বামীকে রাজ্যসভায় পাঠানো হচ্ছে। এই ঘটনাকে তিনি প্রবীণ ও আদি নেতাদের প্রতি চরম অবমাননা হিসেবে উল্লেখ করেছেন।
বৃহস্পতিবার বিধানসভায় মনোনয়ন জমা দেওয়ার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু ও বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ক্ষোভ উগরে দেন। উল্লেখ্য, ২০২০ সাল থেকে রাজ্যসভার সাংসদ হিসেবে দায়িত্ব পালন করা সুব্রত বক্সী এর আগে লোকসভা ও বিধানসভাতেও জনপ্রতিনিধি ছিলেন। তাঁর বদলে পেশাদার জগতের ব্যক্তিদের প্রাধান্য দেওয়া বাংলার রাজনীতির জন্য ‘দুর্ভাগ্যজনক’ বলে মন্তব্য করেন বিরোধী দলনেতা।