মধ্যপ্রাচ্যে অস্থিরতার জেরে খাদ্যশস্যের মজুত বাড়াতে রাজ্যগুলোকে নির্দেশ কেন্দ্রের

ইরান-ইজরায়েল ও আমেরিকার চলমান সংঘর্ষে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় ভারতে খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে তৎপর হয়েছে কেন্দ্রীয় সরকার। হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় পণ্য পরিবহণ ব্যাহত হওয়ার আশঙ্কায় কেন্দ্র সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছে। পরিস্থিতির যাতে কোনো নেতিবাচক প্রভাব দেশের গণ-বণ্টন ব্যবস্থায় না পড়ে, সেজন্য প্রতিটি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলকে আগামী তিন মাসের প্রয়োজনীয় চাল ও গম আগেভাগে মজুত রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
পরিবহণ ও জ্বালানি সংকটের কারণে ভবিষ্যতে রেশনের চাল-গম সরবরাহ বিঘ্নিত হতে পারে, এমন আশঙ্কাই এই সিদ্ধান্তের মূল কারণ। কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক সংশ্লিষ্ট সব রাজ্যের খাদ্যসচিবদের চিঠি পাঠিয়ে রেশন ডিলারদের কাছে আগাম খাদ্যশস্য পৌঁছে দেওয়ার নির্দেশ দিয়েছে। এছাড়া মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক অস্থিরতার মাঝে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যুতে ভারত সরকার শোক প্রকাশ করে ইরানের প্রতি সংহতি জানিয়েছে।