চলমান সামরিক সংঘাতের জেরে ভয়াবহ আর্থিক ক্ষতির মুখে ইজরায়েল

ইরান এবং ইজরায়েলের মধ্যে চলমান সামরিক সংঘাতের জেরে ইজরায়েলের অর্থনীতি গভীর সংকটে পড়েছে। তেহরানের পাল্টা ড্রোন ও মিসাইল হামলার আশঙ্কায় দেশজুড়ে জারি করা কঠোর বিধিনিষেধের কারণে প্রতি সপ্তাহে প্রায় ৩০০ কোটি ডলার বা ভারতীয় মুদ্রায় ২৭ হাজার কোটি টাকা ক্ষতির সম্ভাবনা দেখা দিয়েছে। উদ্ভূত পরিস্থিতিতে দেশটির অর্থমন্ত্রকের ডিরেক্টর জেনারেল ইলান রম হোম ফ্রন্ট কমান্ডকে জরুরি চিঠি লিখে উদ্বেগ প্রকাশ করেছেন।
নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে শিক্ষা প্রতিষ্ঠান, অফিস এবং বাজারঘাট বন্ধ রাখা হয়েছে। অর্থমন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বর্তমান ‘রেড অ্যালার্ট’ বজায় থাকলে দীর্ঘমেয়াদী অর্থনৈতিক বিপর্যয় নেমে আসতে পারে। তাই আর্থিক লেনদেন সচল রাখতে বিধিনিষেধ কিছুটা শিথিল করে ‘অরেঞ্জ অ্যালার্ট’ স্তরে নামিয়ে আনার প্রস্তাব দেওয়া হয়েছে। এতে সীমিত পরিসরে বাণিজ্যিক কার্যক্রম ও কর্মস্থল চালু করা সম্ভব হবে।
ইজরায়েল এবং আমেরিকার যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুর পর থেকেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। জবাবে ইরানও বিভিন্ন মার্কিন ও ইজরায়েলি ঘাঁটিতে আক্রমণ শুরু করায় নিরাপত্তার স্বার্থে কঠোর অবস্থান নিয়েছে তেল আভিভ। তবে প্রতিরক্ষা নীতির পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় ধাপে ধাপে বাজার ও দোকানপাট খুলে দেওয়ার জন্য সেনাবাহিনীর কাছে বিশেষ অনুরোধ জানিয়েছে দেশটির প্রশাসন।