জেন-জি আন্দোলনের নেতা বলেন্দ্র নেপালের প্রধানমন্ত্রী!

কাঠমাণ্ডু: গত বছর সেপ্টেম্বরে জেন জি আন্দোলনের সামনে ধরাশায়ী হয় কে পি শর্মা ওলির নেতৃত্বাধীন সরকার। তখনই ইঙ্গিত মিলেছিল পরিবর্তনের। এবার তা সত্যি হওয়ার পথে। সব ঠিক থাকলে নেপালের প্রধানমন্ত্রীর কুর্সিতে বসতে চলেছেন জেন জি আন্দোলনের অন্যতম মুখ তথা জনপ্রিয় র্যাপার বলেন্দ্র শাহ। শুক্রবার সাধারণ নির্বাচনের গণনা যতই এগিয়েছে, ততই তা স্পষ্ট হয়ে উঠেছে। ১৬৫টি আসনে গণনা হচ্ছে। এর মধ্যে ১০৮টি আসনে এগিয়ে রয়েছে বলেন্দ্রর দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি। ইতিমধ্যে চারটি আসনে জয় সুনিশ্চিত করেছে তারা। নতুন প্রজন্মের ঝড়ের কাছে পাত্তা পায়নি ওলি বা প্রচণ্ডদের মতো পুরানো-অভিজ্ঞ দল।
শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গিয়েছে, গগন কুমার থাপার দল নেপালি কংগ্রেস এগিয়ে রয়েছে ১৪টি আসনে। এর মধ্যে তিনটি আসনে জয় নিশ্চিত করেছে তারা। নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী পুষ্পকমল দহল ওরফে প্রচণ্ডের দল নেপালি কমিউনিস্ট পার্টি ৮টি আসনে এগিয়ে রয়েছে। এপর্যন্ত একটি আসন দখল করতে সক্ষম হয়েছে তারা। অন্যদিকে, ১২টি আসনে এগিয়ে ওলির দল সিপিএন-ইউএমএল। এক্ষেত্রে কাঠমাণ্ডুর প্রাক্তন মেয়র বলেন্দ্র শাহ ঝাপা-৫ আসনে এগিয়ে রয়েছেন। শেষ পাওয়া খবরে জানা যাচ্ছে, বলেন্দ্র পেয়েছেন ১৫ হাজার ১৬৯ ভোট। প্রতিদ্বন্দ্বী নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা সিপিএন-ইউএমএল-এর প্রধান কেপি শর্মা ওলি পেয়েছেন ৩ হাজার ৩৪৪ ভোট। তাই বলেন্দ্রর প্রধানমন্ত্রীর আসন দখল কার্যত সময়ের অপেক্ষা বলেই অভিমত রাজনৈতিক বিশেষজ্ঞদের।
গত সেপ্টেম্বরে ওলি সরকারের পতনের পর নেপালে এই প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হল। আর সমস্ত জল্পনা সত্যি করে যুবসমাজের পাশাপাশি র্যাপার বলেন্দ্রর দলের উপরেই ভরসা রেখেছে নেপালবাসীর বড়ো অংশ।