যুবভারতীতে গোল উৎসব মোহন বাগানের

মোহন বাগান- ৫ : ওড়িশা এফসি-১
(ম্যাকলারেন-৪, আলবার্তো) (রহিম)
যুবভারতীতে ম্যাকা ম্যানিয়া। স্যার ডনের দেশ থেকে জেমি ম্যাকলারেনকে তুলে এনেছে মোহন বাগান। জেমি সত্যিই জেম। লোবেরার পরশপাথর। তাঁর ছোঁয়ায় যুবভারতীর ক্যানভাসে রাশি রাশি মুগ্ধতা। শুক্রবার ওড়িশা এফসি’কে ৫-১ গোলে হারিয়ে টানা চতুর্থ জয় তুলে নিল লোবেরা ব্রিগেড। গোলের উৎসবে হ্যাটট্রিক ম্যাকলারেনের। অজি তারকার চার গোল ছাড়াও স্কোরশিটে নাম তুললেন আলবার্তো। আইএসএলের ইতিহাসে প্রথমবার বিরতির আগেই ৪ গোল মোহন বাগানের। ৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে লিগ শীর্ষে কামিংসরা। ড্রেসিং-রুমে কান পাতলে শোনা যাচ্ছে, ‘সাবধান, মোহন বাগান আসছে।’
পালতোলা নৌকার সারথি তখন সুব্রত ভট্টাচার্য। গড়ের মাঠে ব্যারেটো, ইগর, স্টিফেনদের দেখতে ভিড় উপচে পড়ত। এদিন কয়েকটা স্পেলে স্মৃতি উসকে দিলেন ম্যাকা, কামিংস, পেত্রাতোসরা। পাসের ফুলঝুরিতে আলোর রোশনাই। বুঝিয়ে দিলেন, ওড়িশাকে এতটা ওজন দেওয়া উচিত হয়নি। পুরানো দলের দুর্গ ভাঙতে শুরুতেই লক্ষ্যভেদ চেয়েছিলেন সের্গিও সোবেরা। সেই লক্ষ্যে স্প্যানিশ কোচ পুরোপুরি সফল। চোটের কারণে রবসন ছিলেন না। ওই জায়গায় পেত্রাতোসকে খেলালেন লোবেরা। উইথড্রন স্ট্রাইকারের ভূমিকায় কামিংসও বেশ রংদার। ১১ মিনিটে অভিষেকের প্রায় দূরপাল্লার শট কোনওরকমে রুখে দেন অমরিন্দার সিং। এর তিন মিনিট পরেই জাল কাঁপালেন ম্যাকলারেন। এক্ষেত্রে ওড়িশা বক্সের বাঁ দিকে বল ধরে ছোট্ট ব্যাকহিল দিমির। শুভাশিসের কম্পাসে মাপা সেন্টারে ছিলে ছেঁড়া ধনুকের মতো ছিটকে এসে মাথাটা হাতুড়ির মতো ব্যবহার করলেন ম্যাকলারেন। কেউ নড়ার আগেই বল জালে জড়ায় (১-০)। ২৪ মিনিটে সেই ম্যাকাই ব্যবধান বাড়ালেন। দিমিত্রির ফ্রি-কিক রিসিভ করে বক্সে বল সাজিয়ে দিলেন লিস্টন। ঠিক জায়গায় ছিলেন ম্যাকা। ডানপায়ের শট আছড়ে পড়ে জালে (২-০)।
বিরতির আগে পরের পর নাটক। ৪২ মিনিটে প্রায় ২৫ গজ দূর থেকে জোরালো গ্রাউন্ডার নিয়েছিলেন আলবার্তো। শরীর ছুড়েও রুখতে পারেননি অমরিন্দার (৩-০)। কিন্তু অসাধারণ গোলের সেলিব্রেশন থামার আগেই গোল হজম লোবেরা ব্রিগেডের। রক্ষণ ও বিশালের ভুল বোঝাবুঝিতে সহজ গোল রহিম আলির (৩-১)। ইগোয় ঘা দিতে এটুকুই যথেষ্ট ছিল। প্রথমার্ধের সংযোজিত সময়ে হ্যাটট্রিক সম্পূর্ণ করলেন ম্যাকলারেন। এক্ষেত্রে লিস্টনের স্ন্যাপ শট থেকে লক্ষ্যভেদ অজি বিশ্বকাপারের (৪-১)।
ম্যাচ শেষ প্রথমার্ধেই। বিরতির পর বেঞ্চ থেকে আলড্রেড, সাহালদের পরখ করে নিলেন লোবেরা। বল পজেশন রাখার ফাঁকেই ফের আঘাত হানল মোহন বাগান। ৮৮ মিনিটে মনবীরের পাস ধরে বিপক্ষ কফিনে শেষ পেরেক পুঁতে দিলেন ম্যাকলারেন (৫-১)। যুবভারতী এখন সত্যিই মেরিনার্স ডেন। যেখানে পা রাখতে কাঁপবে প্রতিপক্ষ।
মোহন বাগান: বিশাল, অভিষেক, মেহতাব (মনবীর), আলবার্তো, শুভাশিস (অময়), আপুইয়া, অনিরুদ্ধ (টাংরি), দিমিত্রি (সাহাল), কামিংস (আলড্রেড), লিস্টন ও ম্যাকলারেন।