জ্বালানি ঘাটতির গুজব ভিত্তিহীন, জানাল ভারত পেট্রোলিয়াম

পশ্চিম এশিয়ায় ভূ-রাজনৈতিক উত্তেজনার জেরে বিশ্ববাজারে জ্বালানি সরবরাহ নিয়ে তৈরি হওয়া উদ্বেগের প্রভাব ভারতে পড়েনি। দেশজুড়ে পেট্রোল ও ডিজেলের ঘাটতি রয়েছে বলে যে খবর ছড়িয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছে ভারত পেট্রোলিয়াম (BPCL)। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাটি স্পষ্ট করেছে, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুত রয়েছে এবং সরবরাহ ব্যবস্থা সম্পূর্ণ স্বাভাবিক ও নিরবচ্ছিন্নভাবে চলছে।
পরিস্থিতি নিয়ে জনমনে আতঙ্ক ছড়ানোর অবকাশ নেই জানিয়ে ভারত পেট্রোলিয়াম জনসাধারণকে গুজবে কান না দেওয়ার আহ্বান জানিয়েছে। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, ভারত একটি স্থিতিশীল সাপ্লাই চেইন বজায় রাখতে সক্ষম। জ্বালানি সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য কেবলমাত্র সরকারি সূত্রের ওপর নির্ভর করার পরামর্শ দিয়েছে সংস্থাটি। দেশজুড়ে পেট্রোল পাম্পগুলোতে জ্বালানি সরবরাহ স্বাভাবিক রয়েছে এবং প্রয়োজনীয় মজুত ব্যবস্থা সুনিশ্চিত করা হয়েছে।