ভোটার তালিকা সংশোধনে ‘ষড়যন্ত্রের’ অভিযোগ, কমিশনের দ্বারস্থ অভিষেক, ধর্মতলায় ধরনায় মমতা

রাজ্যে ভোটার তালিকা সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শুক্রবার কলকাতার এসপ্ল্যানেড মেট্রো চ্যানেলে ধরনায় বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ, বিজেপি ও নির্বাচন কমিশন যৌথভাবে ষড়যন্ত্র করে বাংলার লক্ষ লক্ষ মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা করছে। এই প্রতিবাদী কর্মসূচিতে তিনি ‘মৃত’ বলে চিহ্নিত জীবিত ভোটারদেরও মঞ্চে হাজির করার হুঁশিয়ারি দিয়েছেন।
একই দিনে মুখ্য নির্বাচন কমিশনারকে কড়া চিঠি পাঠিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিঠিতে তিনি দাবি করেন, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার (SIR) মাধ্যমে ভোটার তালিকা থেকে প্রায় ৬৩.৬৬ লক্ষ নাম বাদ দেওয়া হয়েছে, যা মোট ভোটারের ৮.৩ শতাংশ। এছাড়া আরও প্রায় ৬০ লক্ষ ভোটারকে আইনি যাচাইয়ের নামে অনিশ্চয়তার মধ্যে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।
তৃণমূলের দাবি, অবিলম্বে চূড়ান্ত ও সম্পূরক ভোটার তালিকা প্রকাশ করে স্বচ্ছতা বজায় রাখতে হবে। এই তালিকায় অসঙ্গতি থাকলে তা পঞ্চায়েত ও ব্লক স্তরে প্রকাশ করা উচিত যাতে সাধারণ মানুষ সচেতন হতে পারেন। বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়াকে নাগরিকত্ব আইনের (CAA) সঙ্গেও যুক্ত করে রাজনৈতিক লড়াইয়ের ডাক দিয়েছে শাসক দল।