সৌরভ গঙ্গোপাধ্যায়কে ‘দালাল’ আখ্যায় সজল ঘোষের মন্তব্যের কড়া জবাব দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়

প্রাক্তন ক্রিকেটার সৌরভ গঙ্গোপাধ্যায়কে বিজেপি নেতা সজল ঘোষের ‘দালাল’ মন্তব্যের তীব্র প্রতিবাদ জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার ধর্মতলার ধরনামঞ্চ থেকে অভিষেক প্রশ্ন তোলেন, সৌরভ যদি দালালই হন, তবে ২০২১ সালে অমিত শাহ কেন তাঁর বাড়িতে গিয়ে লুচি ও আলুর দম খেয়েছিলেন? সৌরভের মতো কিংবদন্তি ব্যক্তিত্বকে নিয়ে এহেন কুরুচিকর মন্তব্যের নিন্দা করে তিনি বিজেপির সমালোচনা করেন।
এসআইআর হেনস্তা এবং মানুষের প্রাণহানির প্রতিবাদে আয়োজিত ওই মঞ্চ থেকে অভিষেক বিজেপিকে বয়কটের ডাক দিয়েছেন। অপরিকল্পিত সিদ্ধান্তের কারণে ১৭২ জন নাগরিকের মৃত্যুকে তিনি দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করেন। সাধারণ মানুষের আবেগ ও বলিদানকে গুরুত্ব দিয়ে তিনি দলীয় নেতাকর্মী ও সমর্থকদের বিজেপির বিরুদ্ধে সুর চড়ানোর আহ্বান জানান। অভিষেক স্পষ্ট করেন যে, বাঙালির আত্মসম্মানে আঘাতকারীদের বিরুদ্ধে সামাজিক বয়কটই এখন সময়ের দাবি।