শান্তিশৃঙ্খলা রক্ষায় মধ্য কলকাতায় ১৪৪ ধারা জারি, আগামী ৬০ দিন মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা

শান্তিশৃঙ্খলা রক্ষায় মধ্য কলকাতায় ১৪৪ ধারা জারি, আগামী ৬০ দিন মিছিল-জমায়েতে নিষেধাজ্ঞা

কলকাতার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মধ্য কলকাতার একাধিক গুরুত্বপূর্ণ এলাকায় আগামী ৬০ দিনের জন্য জনসমাগম ও বিক্ষোভের ওপর কড়া নিষেধাজ্ঞা জারি করেছে কলকাতা পুলিশ। পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারার অধীনে এই নির্দেশ কার্যকর করা হয়েছে। আগামী ৪ মার্চ থেকে ২ মে পর্যন্ত অথবা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই বিশেষ বিধিনিষেধ বলবৎ থাকবে।

নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সম্ভাব্য অশান্তি, হিংসা ও জনশৃঙ্খলা ভঙ্গের আশঙ্কা থেকেই এই আগাম সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এই নিষেধাজ্ঞার আওতায় বউবাজার ও হেয়ার স্ট্রিট থানা এলাকা, হেডকোয়ার্টার্স ট্রাফিক গার্ডের কিছু অংশ এবং কেসি দাস ক্রশিং থেকে ভিক্টোরিয়া হাউস সংলগ্ন এলাকাগুলো অন্তর্ভুক্ত রয়েছে। তবে বেন্টিঙ্ক স্ট্রিটের নির্দিষ্ট কিছু অংশকে এই বিধিনিষেধের আওতা থেকে বাইরে রাখা হয়েছে।

নতুন নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট এলাকাগুলোতে পাঁচ বা তার বেশি ব্যক্তির জমায়েত, মিছিল, ধর্না বা যেকোনো ধরনের বিক্ষোভ কর্মসূচি সম্পূর্ণ নিষিদ্ধ। এছাড়া লাঠি বা কোনো বিপজ্জনক অস্ত্র বহন করাও দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য হবে। ব্যস্ত বাণিজ্যিক এলাকায় যানজট এড়াতে এবং জনস্বার্থ রক্ষায় এই আদেশ জারি করা হয়েছে, যা কলকাতা পুলিশ গেজেট ও সংশ্লিষ্ট থানার নোটিস বোর্ডে প্রকাশ করা হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *