স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে তৃণমূল, কড়া নির্দেশ মমতার

স্পিকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে কংগ্রেসের পাশে তৃণমূল, কড়া নির্দেশ মমতার

লোকসভার স্পিকার ওম বিড়লার বিরুদ্ধে কংগ্রেসের আনা অনাস্থা প্রস্তাবকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। দলীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল সাংসদরা এই পদক্ষেপে শামিল হচ্ছেন। আগামী ৯ মার্চ থেকে শুরু হওয়া বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে স্পিকারকে অপসারণের লক্ষ্যে কংগ্রেসের তিন সাংসদ এই প্রস্তাব আনতে চলেছেন।

কংগ্রেস সাংসদ মহম্মদ জাভেদ, কোডিক্কুনিল সুরেশ এবং মাল্লু রবি স্পিকারের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন। তাঁদের দাবি, বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ অন্যান্যদের সভায় বলতে বাধা দেওয়া হয়েছে এবং মহিলা সাংসদদের প্রতি অযাচিত মন্তব্য করা হয়েছে। জনস্বার্থের প্রশ্নে সরব হওয়া বিরোধী সাংসদদের সাসপেন্ড করা হলেও শাসক দলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁরা অভিযোগ করেছেন।

এই সংঘাতপূর্ণ আবহে বিজেপি এবং কংগ্রেস উভয় দলই তাদের সাংসদদের জন্য ‘থ্রি-লাইন হুইপ’ জারি করেছে। ৯ থেকে ১১ মার্চ পর্যন্ত সমস্ত সাংসদকে সদনে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে বাজেট অধিবেশনের প্রথম পর্বেও এই ইস্যুতে ব্যাপক হট্টগোল হয়েছিল, যার জেরে একাধিক বিরোধী সাংসদকে সাসপেন্ড করা হয় এবং অধিবেশন বারবার মুলতুবি হয়ে যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *