ফের জাল ওষুধের আতঙ্ক! নামী বিপণী সংস্থাকে ঘিরে সামনে এল বিস্ফোরক তথ্য

কলকাতার পর এবার হুগলির ব্যান্ডেলে নামী ওষুধ বিপণী সংস্থা ‘অ্যাপোলো ফার্মেসি’-র বিরুদ্ধে ওষুধের ব্যাচ নম্বরে গরমিলের বিস্ফোরক অভিযোগ উঠল। শুক্রবার সন্ধ্যায় ব্যান্ডেল বালির মোড় সংলগ্ন ওই দোকানে ওষুধ কিনতে গিয়ে জনৈক ক্রেতা লক্ষ করেন, তাঁর কেনা পাঁচটি ওষুধের মধ্যে দুটির ব্যাচ নম্বর বিলের সঙ্গে মিলছে না। বিষয়টি নিয়ে দোকানের কর্মচারীদের সঙ্গে কথা বললে তারা ভুল স্বীকার করলেও ওই নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ দিতে অস্বীকার করেন।
এই ঘটনা জানাজানি হতেই দোকানে উপস্থিত অন্যান্য ক্রেতাদের মধ্যেও তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। সপ্তাহখানেক আগে ওষুধ কেনা অন্য এক ক্রেতাও একই অভিজ্ঞতার কথা জানান। সাধারণ মানুষের অভিযোগ, চড়া দামে জীবনদায়ী ওষুধ কিনে যদি ব্যাচ নম্বরের সঠিক তথ্য না পাওয়া যায়, তবে সাধারণ মানুষ কোথায় যাবে? এই নিয়ে দোকানের সামনে দীর্ঘক্ষণ ক্রেতা ও কর্মচারীদের মধ্যে বচসা চলে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় চুঁচুড়া থানার পুলিশ। বর্তমান বাজারে জাল ওষুধের রমরমা কারবার নিয়ে যখন সাধারণ মানুষ উদ্বিগ্ন, তখন এই ধরনের দায়িত্বজ্ঞানহীনতা বড়সড় প্রশ্নচিহ্ন খাড়া করেছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং সংশ্লিষ্ট ব্যাচ নম্বরের ওষুধগুলি পরীক্ষার প্রক্রিয়া চলছে। স্থানীয় প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে।