টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনাল, কিউয়ি বধের আগে ভারতের চিন্তায় তিন বিভাগ

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি হচ্ছে ভারত। টুর্নামেন্টে গৌতম গম্ভীর ও সূর্যকুমার যাদবের প্রশিক্ষণাধীন দল দুর্দান্ত ছন্দে থাকলেও, শিরোপা জয়ের পথে তিনটি নির্দিষ্ট ক্ষেত্রে উন্নতি অত্যন্ত জরুরি। বিশেষ করে ওপেনার অভিষেক শর্মার অফ-ফর্ম টিম ম্যানেজমেন্টকে ভাবিয়ে তুলছে। সাত ম্যাচে মাত্র ৮৯ রান করা এই ব্যাটার পাওয়ার প্লে-তে দ্রুত রান তুলতে ব্যর্থ হওয়ায় মিডল অর্ডারের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে।
বোলিং বিভাগেও ধার বাড়াতে হবে ভারতকে। দলের প্রধান স্পিনার বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল উইকেট পেলেও রান আটকে রাখতে হিমশিম খাচ্ছেন। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে তাঁদের নির্বিষ বোলিং এবং বৈচিত্র্যের অভাব প্রকট হয়েছে। মাঝের ওভারে কিউয়ি ব্যাটারদের রুখতে এই স্পিন জুটিকে আরও সাহসী ও আক্রমণাত্মক ভূমিকা পালন করতে হবে। অন্যথায় দক্ষিণ আফ্রিকা ম্যাচের মতো হারের সম্মুখীন হতে পারে নীল বাহিনী।
ফিল্ডিংয়ের মানোন্নয়নও ভারতের জন্য বড় চ্যালেঞ্জ। চলতি বিশ্বকাপে ভারত এখন পর্যন্ত ১৩টি ক্যাচ মিস করেছে, যা সুপার এইটে ওঠা দলগুলোর মধ্যে সর্বাধিক। নিউজিল্যান্ডের মতো তুখোড় ফিল্ডিং সাইডের বিরুদ্ধে জয় নিশ্চিত করতে হলে ক্যাচ মিস বা সহজ রান আউট হাতছাড়া করার কোনো সুযোগ নেই। রবিবার ট্রফি জিততে হলে ব্যাটিং ও বোলিংয়ের পাশাপাশি ফিল্ডিংয়েও ভারতকে শতভাগ নিখুঁত পারফরম্যান্স দেখাতে হবে।