আন্তর্জাতিক নারী দিবসের উপহার, শনিবার থেকেই অ্যাকাউন্টে ঢুকবে ‘যুবসাথী’ প্রকল্পের টাকা

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে রাজ্যের বেকার যুবক-যুবতীদের জন্য বিশেষ উপহার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১ এপ্রিল থেকে ‘যুবসাথী’ প্রকল্পের সুবিধা দেওয়ার কথা থাকলেও, শনিবার ধর্মতলার অবস্থানমঞ্চ থেকে তিনি জানান যে আজ থেকেই আবেদনকারীদের অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। এই প্রকল্পের আওতায় ২১ থেকে ৪০ বছর বয়সি যোগ্য আবেদনকারীরা প্রতি মাসে ১,৫০০ টাকা করে আর্থিক সহায়তা পাবেন।
মুখ্যমন্ত্রী জানান, রাজ্যে প্রায় ৯০ লক্ষ থেকে ১ কোটি যুবক-যুবতী এই প্রকল্পের জন্য আবেদন করেছেন। যারা অন্য কোনও সরকারি ভাতা বা সাহায্য পান না, মূলত তাঁদের জন্যই এই উদ্যোগ। পরিসংখ্যান অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনা জেলা থেকে সর্বাধিক ৯ লক্ষ ৩৪ হাজারের বেশি আবেদন জমা পড়েছে। এর পরেই রয়েছে মুর্শিদাবাদ ও উত্তর ২৪ পরগনা জেলা।
চলতি বছরের বাজেটে এই প্রকল্পের ঘোষণা করা হলেও দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে সময়সূচিতে বদল আনা হয়েছে। টানা পাঁচ বছর এই সুবিধা পাবেন আবেদনকারীরা। ১৫ ফেব্রুয়ারি থেকে ব্লকভিত্তিক শিবির ও অনলাইন পোর্টালের মাধ্যমে আবেদন গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছিল। আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে মুখ্যমন্ত্রীর এই ঘোষণা রাজ্যের কয়েক লক্ষ কর্মহীন যুবক-যুবতীর মুখে হাসি ফুটিয়েছে।