বড় ম্যাচের আগে অদ্ভুত সিদ্ধান্ত! হোটেল বদলে দিল টিম ইন্ডিয়া—কুসংস্কারের ছায়া?

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের আগে আমদাবাদে তড়িঘড়ি হোটেল পরিবর্তন করল ভারতীয় দল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে নামার আগে বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে জল্পনা। সরকারিভাবে কোনো কারণ জানানো না হলেও, সূত্রের খবর, পুরোনো হোটেলে থাকাকালীন আগের গুরুত্বপূর্ণ ম্যাচগুলোতে পরাজয়ের কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
ফাইনালের মহারণে কোনো ঝুঁকি নিতে নারাজ বোর্ড ও টিম ম্যানেজমেন্ট। দলের অন্দরমহলের গুঞ্জন, কুসংস্কার বা ‘লাকি ফ্যাক্টর’ কাজ করছে এই সিদ্ধান্তের নেপথ্যে। এর আগে সেমিফাইনালে চন্দ্রগ্রহণের কারণে অনুশীলন পিছিয়ে দেওয়া হয়েছিল। এবারও প্রতিটি ভেন্যুতে সাপোর্ট স্টাফদের বিশেষ প্রার্থনা এবং অতীতের হারের স্মৃতি এড়াতে এই কৌশলগত পরিবর্তন বলে মনে করা হচ্ছে।
ম্যাচের পিচ প্রস্তুতি নিয়েও চলছে শেষ মুহূর্তের তৎপরতা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কালো মাটির পিচে হারের পর এবার লাল মাটির উইকেটে খেলার সম্ভাবনা প্রবল। মাঠকর্মীদের ব্যস্ততার পাশাপাশি বিসিসিআই সিইও হেমাং আমিন নিজে পিচ পরিদর্শন করেছেন। এদিকে ফাইনাল ঘিরে সমর্থকদের উন্মাদনা তুঙ্গে, পরিস্থিতি সামলাতে রেলওয়ে বিশেষ ট্রেনের ব্যবস্থাও করেছে।