নীতীশ কুমারের ডিগবাজি: বিজেপির ‘খপ্পরে’ পড়ার কটাক্ষ মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিহারের রাজনীতিতে নাটকীয় পালাবদলের আবহে নীতীশ কুমারকে তীব্র আক্রমণ শাণালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেডি(ইউ) প্রধানের বিজেপি জোটে ফিরে যাওয়া এবং পরবর্তীতে মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে রাজ্যসভায় মনোনয়ন জমা দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এই প্রতিক্রিয়া জানান তিনি। মেট্রো চ্যানেলের ধরনা মঞ্চ থেকে মমতা বলেন, “বেচারা নীতীশ কুমার, যেই গেছো বিজেপির খপ্পরে, তেমনি পড়েছ থাপ্পরে।”
বিজেপির সঙ্গে জোট বেঁধে দশম বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার মাত্র চার মাসের মাথায় নীতীশ কুমারের এই পদত্যাগ ও কেন্দ্রীয় রাজনীতিতে যাওয়ার সিদ্ধান্ত নিয়ে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে। উল্লেখ্য, বৃহস্পতিবার অমিত শাহ ও সম্রাট চৌধুরীর উপস্থিতিতে রাজ্যসভার সাংসদ পদের জন্য মনোনয়ন জমা দেন তিনি। নীতীশের এই সিদ্ধান্তে তাঁর নিজের দলের কর্মীদের মধ্যেও ক্ষোভ ও অসন্তোষ দানা বাঁধছে বলে জানা গেছে।
অথচ চব্বিশের লোকসভা নির্বাচনের আগে বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট গঠনের কারিগর ছিলেন এই নীতীশ কুমারই। ২০২৩ সালে কলকাতায় মমতার সঙ্গে বৈঠকের মাধ্যমে যে ঐক্যের বার্তা তিনি দিয়েছিলেন, তা এখন সম্পূর্ণ ধূলিসাৎ। জোটের ভবিষ্যৎ অনিশ্চিত করে বারবার নীতীশের এই রাজনৈতিক অবস্থান পরিবর্তন বা ‘পাল্টি’ খাওয়াকে বর্তমান পরিস্থিতির জন্য দায়ী করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।