রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

রাজ্যে কালবৈশাখীর ভ্রুকুটি, দক্ষিণ ও উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টির সতর্কতা

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার থেকেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আবহাওয়া পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। মূলত সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া-সহ পশ্চিমের জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে, যেখানে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

উত্তরবঙ্গের চিত্রও একই রকম হতে চলেছে। রবিবার থেকেই দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ি-সহ উত্তরের জেলাগুলিতে হালকা বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে বৃষ্টির দাপট বাড়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দফতরের মতে, উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রায় সপ্তাহজুড়েই এই পরিস্থিতি বজায় থাকতে পারে।

বৃষ্টির পূর্বাভাস থাকলেও রাজ্যে শীত ফেরার কোনো সম্ভাবনা নেই। আগামী সাত দিন তাপমাত্রার বিশেষ পরিবর্তনের কোনো ইঙ্গিত দেয়নি আবহাওয়া দফতর। কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩২ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। বিকেলের পর আকাশ আংশিক মেঘলা থাকলেও বসন্তের আর্দ্র আবহাওয়াই বজায় থাকবে বলে জানানো হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *