হরমুজ প্রণালীর নামকরণের নেপথ্যে, প্রাচীন ধর্ম ও বাণিজ্যের এক দীর্ঘ ইতিহাস

বর্তমান বিশ্ব রাজনীতি ও জ্বালানি তেলের বাজারে অত্যন্ত গুরুত্বপূর্ণ নাম ‘স্ট্রেইট অব হরমুজ’ বা হরমুজ প্রণালী। ইরান ও ওমানের মধ্যবর্তী এই সরু জলপথটি কেবল ভৌগোলিক কারণেই নয়, বরং এর নামের উৎসের কারণেও ঐতিহাসিকভাবে তাৎপর্যপূর্ণ। মধ্যপ্রাচ্যের সংঘাত ও বিশ্ব অর্থনীতির টানাপোড়েনে বারবার আলোচনায় আসা এই নামের গভীরে লুকিয়ে আছে প্রাচীন পারস্যের ধর্ম ও সংস্কৃতির এক অবিচ্ছেদ্য অধ্যায়।
ইতিহাসবিদদের মতে, ‘হরমুজ’ শব্দটির উৎপত্তি মূলত প্রাচীন পারস্যের জরথুস্ট্র ধর্মের প্রধান দেবতা ‘আহুরা মাজদা’ (Ahura Mazda)-র নাম থেকে। মধ্য পার্সিয়ান ভাষায় যা কালক্রমে ‘হরমোজ’ রূপে পরিচিতি পায়। ত্রয়োদশ থেকে ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে ইরানের দক্ষিণ উপকূলে ‘হরমুজ’ নামে একটি সমৃদ্ধ বন্দর শহর ছিল। পরবর্তীতে নিরাপত্তার খাতিরে শহরটি নিকটবর্তী দ্বীপে স্থানান্তরিত হলে ওই অঞ্চলের সমগ্র জলপথটি এই নামেই পরিচিতি লাভ করে।
ষোড়শ শতাব্দীতে পর্তুগিজ বণিকদের মানচিত্রে ‘Ormus’ নামে এই অঞ্চলের উল্লেখ পাওয়া যায়, যা বৈশ্বিক বাণিজ্যে এর প্রভাবকে আরও সুদৃঢ় করে। প্রাচীন ধর্মীয় বিশ্বাস থেকে শুরু করে মধ্যযুগীয় বাণিজ্যপথ এবং আজকের আধুনিক ভূরাজনীতি—সব মিলিয়ে হরমুজ প্রণালী আজও বিশ্ব মানচিত্রে এক অনন্য রহস্য ও ক্ষমতার প্রতীক হয়ে দাঁড়িয়ে আছে। ভারতের জ্বালানি নিরাপত্তা ও আন্তর্জাতিক তেলের বাজারে এই জলপথের নিয়ন্ত্রণ অত্যন্ত সংবেদনশীল বিষয়।