তৃণমূলের মঞ্চে প্রতীক উরের অভিষেক, মমতাকে ‘ডিডি গেঞ্জি’র আস্থার সঙ্গে তুলনা

সিপিআইএম ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেওয়ার পর কলকাতার ধর্মতলায় দলীয় ধর্নামঞ্চে প্রথম ভাষণ দিলেন তরুণ নেতা প্রতীক উর রহমান। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি তৃণমূল নেত্রীকে রাজ্যের প্রধান ‘ব্র্যান্ড’ হিসেবে অভিহিত করেন। ছোটবেলার এক জনপ্রিয় বিজ্ঞাপনের উদাহরণ টেনে তিনি বলেন, মানুষ যেমন ‘ডিডি গেঞ্জি’র ওপর চোখ বন্ধ করে ভরসা করেন, পশ্চিমবঙ্গের সাধারণ মানুষও মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ঠিক ততটাই আস্থা রাখেন। তাঁর এই বক্তব্যে সন্তোষ প্রকাশ করেন খোদ মুখ্যমন্ত্রী।
ভাষণ চলাকালীন দেশের সংবিধান রক্ষা ও সাম্প্রদায়িক সম্প্রীতির ওপর বিশেষ জোর দেন প্রতীক। তিনি বলেন, ভারতীয় মুসলমানরা দেশভাগ মেনে নেয়নি এবং আজও তাঁরা এই দেশকেই নিজের মনে করে। বিজেপি-র ‘হিন্দি, হিন্দু, হিন্দুস্তান’ স্লোগানের তীব্র সমালোচনা করে তিনি দাবি করেন, মমতা ও অভিষেক বন্দ্যোপাধ্যায় যতদিন আছেন, তত দিন কেউ বাংলা জয় করতে পারবে না। প্রতিকূল পরিস্থিতিতেও লড়াকু মানসিকতা বজায় রাখার বার্তা দিয়ে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ‘বাংলার বাঘিনী’ বলে সম্বোধন করেন।
একইসঙ্গে ভারতের নির্বাচন কমিশন ও মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে নজিরবিহীন আক্রমণ করেন প্রতীক উর। তাঁর অভিযোগ, কমিশন নিরপেক্ষতা হারিয়ে বিজেপি-র হয়ে দালালি করছে এবং ভোটার তালিকা থেকে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে হয়রান করার চেষ্টা চালাচ্ছে। নির্বাচন কমিশনারের নাম নিয়ে কটাক্ষ করে তিনি বলেন, ‘ভ্যানিশ কুমার’ যতই চেষ্টা করুন না কেন, ভোটের ফলাফলে রাজ্যের মানুষই বিজেপিকে বাংলা থেকে ভ্যানিশ করে দেবে। সংবিধান রক্ষার এই লড়াইয়ে তৃণমূলের জয় নিশ্চিত বলেও তিনি দাবি করেন।