দুবাই বিমানবন্দরে ড্রোন হামলা, ব্যাহত পরিষেবা, শান্তিবার্তা ইরানি প্রেসিডেন্টের

শনিবার সকালে দুবাই বিমানবন্দরে একটি ড্রোন আছড়ে পড়ায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। ইরানের দিক থেকে আসা এই ড্রোনটির আঘাতে বিমানবন্দর চত্বরে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আকাশ কালো ধোঁয়ায় ঢেকে যাওয়ায় এবং যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে তাৎক্ষণিকভাবে বিমান পরিষেবা বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে ড্রোন আছড়ে পড়ার দৃশ্য দেখা গেলেও তার সত্যতা এখনো যাচাই করা হয়নি।
যুদ্ধ শুরুর পর থেকেই দুবাই ও আবু ধাবিতে একাধিকবার হামলার ঘটনা ঘটেছে। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অধিকাংশ ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে সক্ষম হলেও, সেগুলোর ধ্বংসাবশেষ জনপদে পড়ে ক্ষয়ক্ষতি ও আগুনের সূত্রপাত ঘটাচ্ছে। শনিবারের এই আচমকা হামলায় বিমানবন্দরের কনকোর্স-এ অঞ্চলের কাছে ব্যাপক আতঙ্ক ছড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিমানবন্দর এলাকায় কড়া সতর্কতা জারি করা হয়েছে।
অন্যদিকে, এই হামলার আবহেই ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এক তাৎপর্যপূর্ণ ঘোষণা করেছেন। তিনি জানান, ইরানের অস্থায়ী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী রাষ্ট্রগুলোর ওপর আর হামলা না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। পেজেশকিয়ান সাম্প্রতিক হামলার জন্য প্রতিবেশীদের কাছে ক্ষমা চেয়ে স্পষ্ট করেন যে, তেহরান অযথা আগ্রাসনে আগ্রহী নয়। তবে তিনি এও হুঁশিয়ারি দেন যে, সরাসরি আক্রান্ত হলে ইরান কখনোই আত্মসমর্পণ করবে না।