নেপালে বলেন্দ্র শাহের উত্থান, নতুন সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহী প্রধানমন্ত্রী মোদি

নেপালের সংসদীয় নির্বাচনে অভাবনীয় সাফল্যের পথে তরুণ তুর্কি বলেন্দ্র শাহের নেতৃত্বাধীন রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। জেন-জি প্রজন্মের ব্যাপক সমর্থনে আরএসপি এককভাবে সংখ্যাগরিষ্ঠতার দিকে এগিয়ে চলায় নেপালের রাজনৈতিক মানচিত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। শনিবার সন্ধ্যা পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, ১৬৫টি আসনের মধ্যে ৩৬টিতে জয়ী এবং ৮৩টি আসনে এগিয়ে থেকে জয়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে বলেন্দ্রর দল।
প্রতিবেশী রাষ্ট্রের এই ঐতিহাসিক মুহূর্তে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এক্স হ্যান্ডেলে দেওয়া এক বার্তায় তিনি নেপালের জনগণ ও সরকারকে সফলভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য সাধুবাদ জানান। গণতান্ত্রিক অধিকার প্রয়োগের এই উৎসবকে নেপালের যাত্রায় এক গর্বের মুহূর্ত হিসেবে অভিহিত করে প্রধানমন্ত্রী বলেন, ভারত সবসময় নেপালের বন্ধু ও সহযোগী হিসেবে পাশে থাকবে।
দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করার অঙ্গীকার নিয়ে মোদি জানান, নেপালের নতুন সরকারের সঙ্গে কাজ করতে ভারত মুখিয়ে আছে। শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির লক্ষ্য অর্জনে দুই দেশ একযোগে এগিয়ে যাবে বলে তিনি আশাপ্রকাশ করেন। উল্লেখ্য, প্রাক্তন র্যাপার বলেন্দ্র শাহের এই নাটকীয় উত্থান নেপালি কংগ্রেস ও নেপাল কমিউনিস্ট পার্টির মতো প্রথাগত শক্তিগুলোকে বড়সড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে।