রাজ্যপাল হিসেবে আসছেন আর এন রবি, বুধবারই কলকাতায় শপথগ্রহণের সম্ভাবনা

সিভি আনন্দ বোসের পদত্যাগের পর পশ্চিমবঙ্গের নতুন রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিচ্ছেন আর এন রবি। কেন্দ্র থেকে প্রাপ্ত বার্তা অনুযায়ী, সব ঠিকঠাক থাকলে আগামী বুধবার তিনি কলকাতায় পৌঁছাবেন। এর পরেই রাজভবনে তাঁর শপথগ্রহণ অনুষ্ঠান আয়োজিত হতে পারে। উল্লেখ্য, এর আগে তিনি তামিলনাড়ুর রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালন করেছেন।
রাজ্য প্রশাসনের সূত্র অনুযায়ী, আগামী সোম ও মঙ্গলবার নির্বাচন কমিশনের পূর্ণাঙ্গ বেঞ্চের সফর রয়েছে। সেই ব্যস্ততা কাটিয়ে ১১ মার্চ অর্থাৎ বুধবার রাজ্যপালের আগমনের দিন স্থির করা হয়েছে। বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই নতুন রাজ্যপালের শপথগ্রহণ প্রক্রিয়া সম্পন্ন করতে চাইছে নবান্ন। প্রশাসনিক স্তরে ইতিমদ্যেই এই সংক্রান্ত প্রস্তুতি শুরু হয়েছে।
সাবেক আইপিএস আধিকারিক আর এন রবি অতীতে সিবিআই ও আইবি-র মতো কেন্দ্রীয় সংস্থায় গুরুত্বপূর্ণ পদে ছিলেন। নির্বাচনের প্রাক্কালে তাঁর মতো অভিজ্ঞ ব্যক্তিত্বকে রাজ্যের সাংবিধানিক প্রধান হিসেবে নিয়োগ করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। তামিলনাড়ুর রাজ্যপাল থাকাকালীন সেখানকার রাজ্য সরকারের সঙ্গে তাঁর সংঘাতের ইতিহাস থাকলেও, বাংলায় তাঁর ভূমিকা কেমন হবে তা নিয়ে জল্পনা তুঙ্গে।