দুবাই রানওয়েতে ড্রোন হানা ইরানের, ফের বন্ধ বিমানবন্দর

প্রতিবেশী দেশগুলির উপর নতুন করে আর হামলা নয়! এমনটাই আশ্বাস ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের। তবে একটা শর্তে— পড়শিরাও সরাসরি আক্রমণ করবে না তেহরানে। শনিবার এক ভিডিয়োবার্তায় পশ্চিম এশিয়ার দেশগুলিতে হামলা চালানোর জন্য ক্ষমা চেয়ে নেন তিনি। যদিও তার কয়েক ঘণ্টা আগে বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই বিমানবন্দরে আছড়ে পড়ে ইরানের ড্রোন। বিস্ফোরণ হয় একেবারে রানওয়েতে। তার জেরে এদিন সকালেই দুবাই এয়ারপোর্টে বিমান পরিষেবা পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। আতঙ্কে ছুটোছুটি শুরু করে দেন যাত্রীরা। হামলা থেকে বাঁচতে অনেকেই আশ্রয় নেন বিমানবন্দরের ট্রেন টানেলের ভিতরে। প্রায় একই কায়দায় এদিন তেহরানের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর মেহরাবাদে হামলা চালিয়েছে ইজরায়েলি সেনা। তার জেরে আগুন লেগে যায় টারম্যাকে দাঁড়িয়ে থাকা বোয়িং সহ একাধিক যাত্রীবাহী বিমানে।
দুবাই বিমানবন্দরে বিস্ফোরণের ভিডিয়োয় দেখা গিয়েছে, হ্যাঙ্গারের পাশে সার দিয়ে দাঁড়িয়ে রয়েছে যাত্রীবাহী বিমানগুলি। তার কিছুটা দূরে হঠাত্ই তীব্র বিস্ফোরণ! ঘন ধোঁয়ার কুণ্ডলীতে ঢেকে যায় পুরো এলাকা। সূত্রের খবর, বিস্ফোরণের জেরে রানওয়ের ক্ষতি হয়েছে। এমিরেটস সহ বিভিন্ন বিমান সংস্থা অনির্দিষ্টকালের জন্য পরিষেবা বন্ধ রাখার কথা জানিয়েছে। পরে আংশিক উড়ান চালু হয়। তবে এয়ারলাইন্স সংস্থার মেসেজ ছাড়া যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দুবাই শহরের অন্যান্য জায়গায় বিস্ফোরণের শব্দ পাওয়া গিয়েছে। তবে প্রশাসন জানিয়েছে, ‘আমাদের এয়ার ডিফেন্স পুরোপুরি সক্রিয়। ইরানের ছোড়া বেশিরভাগ মিসাইল ও ড্রোন রুখে দেওয়া সম্ভব হচ্ছে।’ এদিন রাতে দুবাই মারিনা টাওয়ারে ফের ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান। সেই হামলাও আটকে দেওয়ার দাবি করেছে দুবাই প্রশাসন। যদিও বারসা এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ গাড়ির উপর পড়ায় মৃত্যু হয়েছে এক পাকিস্তানি নাগরিকের। ইরান অবশ্য জানিয়েছে, তারা মারিনায় মার্কিন সেনাঘাঁটি লক্ষ্য করেই হামলা চালিয়েছে।
আমেরিকা-ইজরায়েলের সঙ্গে সংঘাত শুরুর পর থেকেই তেহরানের টার্গেটে দুবাই, আবু ধাবি সহ পশ্চিম এশিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলি। সেই সব দেশের মার্কিন ঘাঁটিগুলিতে প্রত্যাঘাত করা হচ্ছে। ফলে সর্বত্র বিমান চলাচল বিঘ্নিত হয়। গত কয়েকদিনে অবশ্য ধীরে ধীরে ছন্দে ফেরার চেষ্টা চালাচ্ছে পশ্চিম এশিয়ার অন্য দেশগুলি। কিছু রুটে বিমান পরিষেবা চালুও হয়েছে। তবে ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইটে দেখা গিয়েছে, দুবাইয়ের মতো ব্যস্ত এয়ারপোর্টে এখন হাতেগোনা কিছু বিমান ওঠানামা করছে। সেগুলিও গড়ে ৬০-৯০ মিনিট দেরিতে ছাড়ছে বা অবতরণ করছে। সংযুক্ত আরব আমিরশাহি প্রশাসনের নতুন নির্দেশিকা অনুযায়ী, দুবাই ছাড়াও আবু ধাবি, শারজার মতো অন্য এয়ারপোর্টগুলি খোলা রাখা হয়েছে। আটকে পড়া ভারতীয়রা যাতে দেশে ফিরতে পারেন, তার জন্য সেখান থেকে দিল্লি, মুম্বই ও হায়দরাবাদগামী বিমান চলাচল করছে।
এদিন বাহরিনেও আক্রমণের চেষ্টা করে ইরান। সৌদি আরবেরও দাবি, তাদের শায়বা তৈলক্ষেত্রে ড্রোন হামলা চালিয়েছে ইরানি সেনা। প্রিন্স সুলতান এয়ারবেস লক্ষ্য করেও ছোড়া হয়েছিল ব্যালিস্টিক মিসাইল। তবে সৌদি আরবের এয়ার ডিফেন্স সব হামলা প্রতিহত করেছে।