ফাইনালের আগে বরুণের ফর্ম নিয়ে জল্পনা, টিম ইন্ডিয়ার রণকৌশল জানালেন সূর্যকুমার

টি-টোয়েন্টি বিশ্বকাপের মেগা ফাইনালের আগে ভারতীয় শিবিরে মূল আলোচনার কেন্দ্রবিন্দুতে মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তীর ফর্ম। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৪ ওভারে ৬৪ রান খরচ করে সমলোচনার মুখে পড়েছেন তিনি। তবে আমেদাবাদে মহাযুদ্ধের আগে অধিনায়ক সূর্যকুমার যাদব স্পষ্ট জানিয়ে দিয়েছেন, একটি খারাপ পারফরম্যান্সের কারণে দলের প্রধান বোলারের ওপর থেকে ভরসা হারিয়ে ফেলছেন না তারা।
সাংবাদিক সম্মেলনে সূর্য জানান, বরুণকে নিয়ে দল মোটেও চিন্তিত নয় এবং পরিস্থিতির বিচারে তিনি এখনও অন্যতম সেরা অস্ত্র। তবে মোতেরার লাল মাটির পিচে বাড়তি বাউন্স ও টার্ন পাওয়ার সম্ভাবনা থাকলেও, একাদশে কুলদীপ যাদবকে ফেরানো হবে কি না, তা নিয়ে ধোঁয়াশা বজায় রেখেছেন ক্যাপ্টেন। টসের পরেই চূড়ান্ত কম্বিনেশন জানা যাবে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে শিরোপা জয়ের লড়াইয়ে টিম ইন্ডিয়ার তুরুপের তাস কে হবেন, তা নিয়ে দেশজুড়ে উত্তেজনা তুঙ্গে। কোচ গৌতম গম্ভীরের রণকৌশলে বরুণের মিস্ট্রি স্পিন নাকি কুলদীপের চায়নাম্যান—কোনটি কিউয়ি দুর্গ চুরমার করতে কার্যকর হয়, সেটাই এখন দেখার। লাল মাটির পিচে স্পিনারদের বাড়তি সুবিধা পাওয়ার সম্ভাবনা থাকায় রবিবাসরীয় সন্ধ্যায় ভারতীয় বোলিং বিভাগ নিয়ে প্রত্যাশা আকাশচুম্বী।