বিবাহ-বিচ্ছেদ বিতর্কে প্রথমবার মুখ খুললেন বিজয়—কেন বললেন ‘এত গুরুত্ব দেওয়ার কিছু নেই’?

দক্ষিণী সুপারস্টার তথা রাজনৈতিক ব্যক্তিত্ব থালাপথি বিজয়ের ২৬ বছরের দাম্পত্য জীবনে ভাঙনের সুর জোরালো হয়েছে। স্ত্রী সঙ্গীতা সোরনালিঙ্গম আদালতে বিবাহবিচ্ছেদের মামলা দায়ের করে স্বামীর বিরুদ্ধে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ এনেছেন। বর্তমানে ব্রিটিশ নাগরিক সঙ্গীতা ভারতে থাকার অনুমতি বা বিকল্প ভরণপোষণের দাবিও জানিয়েছেন। এই পরিস্থিতিতে বিজয়ের শেষ ছবি ‘জন নয়গণ’-এর মুক্তি নিয়ে সেন্সর বোর্ডের জটিলতায় অভিনেতার পেশাদার জীবনও কিছুটা টালমাটাল।
দীর্ঘ নীরবতা ভেঙে আন্তর্জাতিক নারী দিবসের এক অনুষ্ঠানে নিজের দল ‘টিভিকে’-র কর্মীদের উদ্দেশে বার্তা দিয়েছেন বিজয়। তিনি ভক্তদের শান্ত থাকার অনুরোধ জানিয়ে বলেন, তাঁর ব্যক্তিগত সমস্যা নিয়ে উদ্বিগ্নে হওয়ার কিছু নেই এবং তিনি নিজেই সব সামলে নেবেন। ভক্তদের নিজের ব্যক্তিগত জীবনের চেয়ে জনসেবামূলক কাজে বেশি মনোযোগ দেওয়ার পরামর্শ দেন অভিনেতা। বিজয় ও অভিনেত্রী তৃষা কৃষ্ণনের পুরনো বন্ধুত্ব এবং সাম্প্রতিক ঘনিষ্ঠতা এই বিতর্কে নতুন মাত্রা যোগ করেছে।
১৯৯৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির দুই সন্তান রয়েছে। ২০০৮ সাল নাগাদ বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জন ছড়ালে দীর্ঘ সময় তাঁরা একসঙ্গে কাজ করা বন্ধ রেখেছিলেন। সম্প্রতি একটি বিয়ের অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় পরকীয়ার জল্পনা পুনরায় তুঙ্গে ওঠে। ব্যক্তিগত জীবনের এই টানাপোড়েনের মাঝেই বিজয় তাঁর রাজনৈতিক ও সামাজিক দায়বদ্ধতাকে অগ্রাধিকার দেওয়ার কথা স্পষ্ট করেছেন।