শুভেন্দুর সভায় লোক নেই! তিন ঘণ্টা বিলম্বে শুরু হয়েও ভরাট হলো না মাঠ

শুভেন্দুর সভায় লোক নেই! তিন ঘণ্টা বিলম্বে শুরু হয়েও ভরাট হলো না মাঠ

পূর্ব বর্ধমানের আউশগ্রাম ও মঙ্গলকোটে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ ঘিরে জনসমাগম না হওয়ায় চরম অস্বস্তিতে পড়ল গেরুয়া শিবির। মঙ্গলকোটের কাশেমনগর ফুটবল মাঠে আয়োজিত সভায় রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও সাংসদ সৌমিত্র খাঁ উপস্থিত থাকলেও মাঠ ভরাতে ব্যর্থ হয় বিজেপি। লোক না হওয়ায় নির্ধারিত সময়ের প্রায় তিন ঘণ্টা পর সভা শুরু করতে বাধ্য হন উদ্যোক্তারা। ভাতার ও কাটোয়া থেকে কর্মী-সমর্থক এনেও সভাস্থলে ভিড় জমানো সম্ভব হয়নি বলে অভিযোগ উঠেছে।

এদিনের সভা থেকে শুভেন্দু অধিকারী শাসকদলের বিরুদ্ধে বালি চুরি ও দুর্নীতির অভিযোগে সরব হন। তিনি স্থানীয় তৃণমূল বিধায়ক অপূর্ব চৌধুরী ও অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে বেআইনি বালি পাচারের কারবার চালানোর দাবি করেন। শুভেন্দুর অভিযোগ, বৈধ ঘাটের আড়ালে অসংখ্য অবৈধ বালিঘাট থেকে সংগৃহীত অর্থ সরাসরি উচ্চপর্যায়ে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে জনশূন্য মাঠের কারণে বিজেপির এই রাজনৈতিক কর্মসূচি প্রত্যাশিত প্রভাব ফেলতে পারেনি বলে মনে করছে রাজনৈতিক মহল।

অন্যদিকে, পশ্চিম বর্ধমানের বারাবনিতে রথযাত্রাকে কেন্দ্র করে অশান্তি ও সাম্প্রদায়িক উত্তেজনা তৈরির চেষ্টার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। স্থানীয়দের ওপর হামলার ঘটনায় অভিযুক্ত বিজেপি নেতা অরিজিৎ রায়সহ বেশ কয়েকজন বর্তমানে পলাতক। পুলিশ ঘটনার তদন্তে নেমে তল্লাশি শুরু করেছে। বারাবনি ব্লক তৃণমূল নেতৃত্ব এই ঘটনাকে বিজেপির পরিকল্পিত গুন্ডামি বলে অভিহিত করলেও, বিজেপি একে রাজনৈতিক প্রতিহিংসা হিসেবে দাবি করেছে। প্রশাসন স্পষ্ট জানিয়েছে, শান্তি বিঘ্নিতকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *