নারী দিবসে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব মুখ্যমন্ত্রী, রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে পথে নামার ডাক

আন্তর্জাতিক নারী দিবসে দেশবাসীকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি কেন্দ্রীয় সরকারকে তীব্র আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে মোদি সরকারকে বিঁধে তিনি অভিযোগ করেন, কেন্দ্র সাধারণ মানুষকে হয়রান করছে। বিশেষ করে রান্নার গ্যাসের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির ফলে সাধারণ মানুষের হেঁসেলে টান পড়েছে বলে তিনি দাবি করেন। এই সিদ্ধান্তের প্রতিবাদে আজ কালো শাড়ি পরে রাজ্যের মহিলাদের রাজপথে নামার আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
প্রতিবাদে সরব হওয়ার পাশাপাশি বাংলার নারীশক্তির ঐতিহ্য ও মনীষীদের অবদান স্মরণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। প্রীতিলতা ওয়াদ্দেদার থেকে মাদার টেরিজার পুণ্যভূমির কথা উল্লেখ করে তিনি নারী ক্ষমতায়নে রাজ্যের সাফল্যের খতিয়ান তুলে ধরেন। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের বর্ধিত ভাতা, কন্যাশ্রী, রূপশ্রী এবং স্বাস্থ্যসাথীর মতো জনকল্যাণমূলক প্রকল্পের মাধ্যমে কোটি কোটি মহিলা ও ছাত্রী কীভাবে উপকৃত হচ্ছেন, সেই পরিসংখ্যানও বিস্তারিতভাবে পেশ করেন তিনি।
রাজ্যে নারী নিরাপত্তা সুনিশ্চিত করতে প্রশাসনের গৃহীত পদক্ষেপের কথাও এদিন মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, বর্তমানে রাজ্যে ৪৯টি মহিলা থানা এবং দ্রুত বিচারের জন্য ৫২টি ফাস্ট ট্র্যাক কোর্ট কার্যকর রয়েছে। এছাড়া কঠোর ‘অপরাজিতা বিল’ পাসের মাধ্যমে আইনি সুরক্ষা আরও জোরদার করা হয়েছে। সব শেষে, বাংলার নারীদের পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে তিনি আন্তর্জাতিক নারী দিবসে বিশ্ববাসীকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান।