বিজেপির সভায় শ্রীরামপুরের নাম বিভ্রাট, তুঙ্গে রাজনৈতিক তরজা

বিজেপির সভায় শ্রীরামপুরের নাম বিভ্রাট, তুঙ্গে রাজনৈতিক তরজা

শ্রীরামপুরে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’র মঞ্চে জায়গার নামের বানান ভুলকে কেন্দ্র করে রাজনৈতিক বিতর্ক তুঙ্গে উঠেছে। জনসভার ব্যানারে শ্রীরামপুরের পরিবর্তে ‘শ্রীরীমপুর’ লেখা থাকায় সমাজমাধ্যমে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। শাসক শিবিরের দাবি, এই ধরনের ভুল বিজেপির সাংস্কৃতিক ও শিক্ষাগত দৈন্যেরই বহিঃপ্রকাশ।

শনিবারের এই সভায় কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব উপস্থিত ছিলেন। তিনি রেল প্রকল্প বাস্তবায়নে রাজ্য সরকারের অসহযোগিতার অভিযোগ তোলেন। তাঁর দাবি, জমি অধিগ্রহণে সমস্যার কারণে তারকেশ্বর-বিষ্ণুপুরসহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প আটকে রয়েছে। তবে উন্নয়নমূলক আলোচনার চেয়েও সভার নাম বিভ্রাটই বর্তমানে মূল আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে।

বিজেপির বিরুদ্ধে এর আগেও একাধিকবার মণীষীদের নাম ও পদবি ভুল উচ্চারণের অভিযোগ উঠেছে। সাম্প্রতিক এই ঘটনাপ্রবাহে আলিপুরদুয়ারে কেন্দ্রীয় মন্ত্রীর নাম বিভ্রাট এবং শ্রীরামপুরের বানান ভুল নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী শিবির। তবে এই বিতর্ক প্রসঙ্গে বিজেপির পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *