শুটিংয়ে ৮ ঘণ্টার শিফট ও মাতৃত্বের অধিকার, দীপিকার পাশে করিনা

বলিউডে কাজের সময়সীমা নির্ধারণ নিয়ে শুরু হয়েছে নতুন বিতর্ক। দিনে ৮ ঘণ্টার বেশি শুটিং না করার দাবিতে সরব হয়েছেন দীপিকা পাড়ুকোন। এই অনড় অবস্থানের কারণে পরিচালক সন্দীপ রেড্ডী ভাঙ্গার ছবি থেকে তাঁকে বাদ পড়তে হলেও, নিজের সিদ্ধান্তে অটল রয়েছেন অভিনেত্রী। দীপিকার এই সাহসী পদক্ষেপকে এবার প্রকাশ্যে সমর্থন জানালেন করিনা কাপুর খান।
সম্প্রতি এক সাক্ষাৎকারে করিনা জানান, চলচ্চিত্র জগতে অভিনেত্রীদের নিজস্ব মতামত প্রকাশের স্বাধীনতা থাকা জরুরি। দুই সন্তানের মা করিনা মনে করেন, মাতৃত্ব ও পরিবারকে অগ্রাধিকার দেওয়া কোনো ভুল নয়। তাঁর মতে, কর্মক্ষেত্রে এমন এক পরিবেশ থাকা প্রয়োজন যেখানে পরিচালক ও প্রযোজকদের সঙ্গে শিল্পী নিজের সুবিধা-অসুবিধা নিয়ে খোলামেলা আলোচনা ও সঠিক বোঝাপড়া করতে পারেন।
নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে করিনা জানান, ‘বাকিংহাম মার্ডার্স’ ছবির শুটিংয়ের সময় প্রযোজনা সংস্থার সহযোগিতায় তিনি কাজ ও পরিবারের মধ্যে ভারসাম্য বজায় রাখতে পেরেছিলেন। তিনি স্পষ্ট করেন যে, বিশেষ করে সন্তানদের কথা মাথায় রেখে এই ধরণের পেশাদার বোঝাপড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে শুটিং শুরুর আগেই এই শর্তগুলো পরিষ্কার করে নেওয়া উচিত বলে তিনি মনে করেন।