টি-২০ বিশ্বকাপ ফাইনাল: বৃষ্টির সম্ভাবনা নেই আমদাবাদে, তবে চ্যালেঞ্জ বাড়াবে তীব্র গরম

টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনালে আজ আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ভারত ও নিউজিল্যান্ড। ক্রিকেটপ্রেমীদের জন্য স্বস্তির খবর দিয়ে ভারতীয় আবহাওয়া দফতর (IMD) জানিয়েছে, ম্যাচের দিন আকাশ মূলত পরিষ্কার থাকবে এবং বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বৃষ্টির বাধা না থাকলেও খেলোয়াড় ও দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে আমদাবাদের ভ্যাপসা গরম ও অত্যধিক আর্দ্রতা।
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আজ আমদাবাদের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। গুজরাতের বিস্তীর্ণ এলাকায় বর্তমানে পারদ ৩৫ থেকে ৪০ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করছে, যা আগামী কয়েক দিনে আরও ২-৩ ডিগ্রি বাড়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে সৌরাষ্ট্র ও কচ্ছ সংলগ্ন উপকূলীয় অঞ্চলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, যার প্রভাব সরাসরি মাঠের লড়াইয়ে পড়তে পারে।
বর্তমানে শুধু গুজরাত নয়, রাজস্থান ও মহারাষ্ট্রসহ দেশের একাধিক রাজ্যে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশ খানিকটা উপরে। এই পরিস্থিতিতে স্টেডিয়াম হাউজফুল থাকায় গ্যালারিতে থাকা দর্শকদেরও সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। সব মিলিয়ে, মেঘমুক্ত আকাশের নিচে আজ একটি রুদ্ধশ্বাস ফাইনালের অপেক্ষায় ক্রিকেট বিশ্ব, যেখানে বৃষ্টির বদলে ঘাম ঝরানো গরমই হবে মাঠের অন্যতম বড় প্রতিপক্ষ।