দিল্লিতে দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

দিল্লিতে দেশের প্রথম ‘রিং মেট্রো’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী মোদি

রবিবার রাজধানীতে যাতায়াত ব্যবস্থায় এক নতুন দিগন্ত উন্মোচন করে দেশের প্রথম ‘রিং মেট্রো’ করিডোরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মজলিস পার্ক-মৌজপুর বাবরপুর এবং দীপালি চক-মজলিস পার্ক—এই দুটি নতুন করিডোর সংযুক্ত হওয়ার ফলে দিল্লির মেট্রো পরিষেবা এখন চক্রাকারে শহরকে প্রদক্ষিণ করবে। প্রায় ১২.৩ কিমি দীর্ঘ পিঙ্ক লাইন এবং ৯.৯ কিমি দীর্ঘ ম্যাজেন্টা লাইনের এই সম্প্রসারণে উত্তর ও উত্তর-পূর্ব দিল্লির বাসিন্দাদের দীর্ঘদিনের যাতায়াতের সমস্যা দূর হবে।

এই প্রকল্পের বিশেষ আকর্ষণ হলো যমুনা নদীর উপর নির্মিত নতুন সেতু এবং একটি দ্বিতল ‘ভায়াডাক্ট’, যা একইসঙ্গে মেট্রো রেল ও সড়কপথের উড়ালপুল হিসেবে কাজ করবে। নতুন এই সংযোগের ফলে পিঙ্ক লাইনের মোট দৈর্ঘ্য বেড়ে দাঁড়াল ৭১.৫৬ কিলোমিটার। বুরারি, ভজনপুরা, যমুনা বিহার এবং হায়দারপুর বদলি মোড়ের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো এখন সরাসরি মেট্রো মানচিত্রের আওতায় এল, যা লক্ষাধিক যাত্রীর প্রতিদিনের সফরকে আরও সহজ ও দ্রুততর করে তুলবে।

মেট্রো প্রকল্পের পাশাপাশি প্রধানমন্ত্রী এদিন ৩৩ হাজার ৫০০ কোটি টাকার একাধিক পরিকাঠামো ও আবাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এর মধ্যে ১৮ হাজার ৩০০ কোটি টাকা ব্যয় করা হবে আরও দুটি নতুন মেট্রো প্রকল্পের জন্য। যাতায়াতের সুবিধা বৃদ্ধির পাশাপাশি এই বৃহৎ বিনিয়োগ দিল্লির সামগ্রিক নগরোন্নয়ন এবং আধুনিকীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে। রাজধানীর পরিবহণ পরিকাঠামোকে ঢেলে সাজাতেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *